কুবিতে শুরু হচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২০:০৮

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে 'আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯'। পিকেএসএফ এবং সিসিডিএ এর আর্থিক সহায়তা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রতিযোগিতা চলবে ১৫দিন।

প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে রবিবার (৩০ জুন) থেকে মঙ্গলবার (০২ জুলাই) পর্যন্ত।  বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সামনের বুথ থেকে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন। 

১৫ দিনব্যাপী প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব ০৩ জুলাই থেকে শুরু হয়ে চলবে ০৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের বাছাই শুরু হবে ০৬ জুলাই।  সমাপনী অনুষ্ঠান হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।

অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে নাচ, গান, দলীয় অভিনয়, আবৃত্তি এবং বিতর্ক প্রতিযোগিতা। আয়োজনের সমাপনীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে। 

বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে থাকছে থিয়েটার, প্রতিবর্তন, অনুপ্রাস, সাইন্সক্লাব, আইটি সোসাইটি, বন্ধু, বিএনসিসি, স্কাউট, সমকাল সুহৃদ সমাবেশ,  প্রথম আলো বন্ধুসভা, অনুস্বার, অভয়ারণ্য।

আরও পড়ুন: কানাডায় ফটো সাংবাদিক ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী

দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, 'আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সবসময় আমাদের বাঙ্গালি সাংস্কৃতি চর্চা হোক। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। আমরা আশা করি শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলবে।'

ইত্তেফাক/নূহু