>> মিঠু মোস্তাফিজ
অত্র অঞ্চলের প্রথম সৃজনশীল ও সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির আইন বিভাগ গত ১ ডিসেম্বর ‘ক্যারিয়ার ইন ল’ শীর্ষক এক বিশেষ সভার আয়োজন করে। রাজধানীর উত্তরা ১৩ নং সেক্টরে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের ১নং ক্যাম্পাসের ক্রিয়েটিভ গ্যালারিতে সকাল ১০টায় এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম ও স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (জয়েন্ট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ) মো. ফেরদৌস ওয়াহিদ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি আইন বিষয়ক ক্যারিয়ারের গুরুত্ব, এর দায়-দায়িত্ব, সাফল্য, এমনকি সমাজসেবায়ও যে অপার সুযোগ রয়েছে—তা বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উপদেষ্টা কাজী নাইফুল মজিদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক একেএম সিরাজুল ইসলাম ও ল’ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান মোহাম্মদ নুরাল হক। অনুষ্ঠানে ম্যানেজমেন্ট অ্যান্ড জেনারেল স্টাডিজের ডিন প্রফেসর ড. জামান খানসহ ল’ ডিপার্টমেন্টের শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
মূখ্য আলোচকগণ আইন পেশার মহান ব্রতী ও আর্ত পীড়িত অসহায় মানুষকে সহায়তার মাধ্যমে সমাজ সেবার অফুরান সুযোগ তথা সম্মানসহ এই পেশায় আলোকিত ক্যারিয়ারের গুরুত্ব তুলে ধরে বলেন, আলোর নিচে যেমন অন্ধকারের সহাবস্থান, তেমনি সকল পেশায়ই ভালো-মন্দের সহাবস্থান রয়েছে। তাই পেশায় পবিত্রতা কিংবা নীতি-নৈতিকতা ধরে রাখার ব্যাপারটি একান্তই ব্যক্তিগত ও সদিচ্ছার ব্যাপার মাত্র। তারা বলেন, পেশাগত জীবনে আলোর বিচ্ছুরণ ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য খ্যাতিমান বিভাগের মতো তোমরাও তোমাদের দক্ষতা প্রমাণ করবে বলে আমাদের অগাধ বিশ্বাস ও আস্থা তোমাদের ওপর রয়েছে।
