কুমিল্লায় ৮৫ টাকা কেজি দরে মাইকিং করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। বুধবার বিকালে নগরীর চকবাজার তেরিপট্টি এলাকার শাহপরান এন্টারপ্রাইজসহ কয়েকটি দোকানে এ দামে বিক্রি করা হয়। এ সময় সাধারণ মানুষ সেখানে পেঁয়াজ কিনতে ভিড় জমান।
জানা যায়, গত দুই দিন ধরে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে পেঁয়াজ ১৮০ টাকা থেকে ২২০ টাকা পর্যন্ত বিক্রি করা হয়েছিল। বিষয়টি জানার পর দাম নিয়ন্ত্রণে দোকান মালিক সমিতি ও পেঁয়াজ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে জেলা প্রশাসন। এরপর বাজার তদারকিতে মাঠে নামে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ এবং সুবিধাবাদী ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে দোকান মালিক সমিতির উদ্যোগে দাম কমে আসে। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে নগরীর চকবাজার তেরিপট্টি এলাকার শাহপরান এন্টারপ্রাইজসহ কয়েকটি আড়তে এক কেজি পেঁয়াজ ৮৫ টাকা দরে বিক্রি করা হয়।
এদিকে কম দামে পেঁয়াজ কিনতে পেরে বেশ খুশি জাহাঙ্গীর আলম ও ফরহাদ হোসেনসহ কয়েক জন বলেন, হঠাৎ করেই পেঁয়াজের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় বিপাকে পড়েছিলাম। এখন ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে, পাঁচ কেজি কিনেছি। ব্যবসায়ীরা জানান, এই পেঁয়াজটা মূলত আমাদের দেশে উৎপাদিত। তাই ৮৫ টাকা দরে বিক্রি সম্ভব হয়েছে।
কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকউল্লাহ খোকন বলেন, কম দামে পেঁয়াজ ক্রয় করতে পারায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেমে এসেছে। পর্যায়ক্রমে দাম আরও কমে আসবে।
