বিমানসেনা ও এমওডিসি সদস্যাদের পারিবারিক বন্ধন নিশ্চিতে প্রথমবারের মতো বিমান বাহিনীর ৬টি ঘাঁটিতে আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবের ৬টি আঞ্চলিক শাখা উদ্বোধন করা হয়েছে। বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া) সভানেত্রী তাহমিদা হান্নানের উদ্যোগে এ ক্লাবটি প্রতিষ্ঠা করা হলো।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংগঠনের সভানেত্রী অনলাইনে এ ৬টি শাখা উদ্বোধন করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত সকল পর্যায়ের সদস্যদের পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকসহ সব ধরণের কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় বাফওয়া কাজ করে থাকে। এরই ধারাবাহিকতায় সংগঠনের সভানেত্রী তাহমিদা হান্নানের দিক-নির্দেশনায় বিমানসেনা ও এমওডিসি সদস্যাদের নিজ নিজ পরিবারের মধ্যকার পারিবারিক বন্ধন শক্তিশালী করতে ‘আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ৬টি ঘাঁটিতে আদার্স উইমেন এন্ড চিলড্রেন ক্লাবে ৬টি আঞ্চলিক শাখা উদ্বোধন করা হয়েছে। সভানেত্রী এ ক্লাবেব মূলমন্ত্র নির্ধারণ করেছেন, ‘ঐক্য, সহমর্মিতা, সহযোগিতা’।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এ মূলমন্ত্রে উদ্দীপ্ত হয়ে বিমানসেনা ও এমডিসি (এয়ার) পরিবারের সদস্যরা ঐক্যের সুরে পারস্পরিক সহমর্মিতা ও সহযোগিতার আলোয় উদ্ভাসিত হয়ে বাফওয়াকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে। অনুষ্ঠানে বাফওয়া কেন্দ্রীয় পরিষদের সহ-সভানেত্রীবৃন্দ, সিনিয়র লিয়াজোঁ কর্মকর্তা ও অন্যান্য সদস্যা/সদস্য উপস্থিত ছিলেন। এছাড়া, অনলাইনে বাফওয়ার বিভিন্ন আঞ্চলিক শাখাগুলোর (ঢাকা, চট্টগ্রাম, যশোর, টাঙ্গাইল ও কক্সবাজার) সভানেত্রীবৃন্দ ও স্ব স্ব আঞ্চলিক শাখার বিমানসেনা ও এমওডিসি (এয়ার) গণের পত্নী ও সন্তানগণ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

