ডোমারে ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১৫:০৪

নীলফামারীর ডোমারে রেললাইনের ৭২টি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাগডোকরা প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এর ফলে ডোমার-চিলাহাটিতে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় সূত্র জানায়, ঘটনাটি টের পেয়ে সেখানে শত শত মানুষ জড়ো হন। পরে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মানুষ বিভিন্নভাবে সংকেত দিলে ট্রেনটি থেমে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনটি।

জোড়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সাখওয়াত হাবীব বাবু বলেন, ‘এ ঘটনা আমার ইউনিয়নের সীমানায় ঘটেছে। আমি গিয়ে রেল লাইনের বিভিন্ন স্থানে ফিশপ্লেট খোলা দেখতে পেয়েছি। এলাকাবাসীর সচেতনতায় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ট্রেনটি।’

নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, ‘লাইন মেরামতের পর প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে আসে। অন্যদিকে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেসও দেড় ঘণ্টা আটকা পড়ে ডোমার স্টেশনে।’

ডোমারের ইউএনও নাজমুল আলম বলেন, ‘লাইনের প্রায় ৭২টি ফিশপ্লেট খোলা হয়েছে। ডোমারের ওপরে দিয়ে রেললাইনের একটি বড় অংশ গেছে। সরকারকে অবহিত করবো যেন রেললাইনে নিরাপত্তা জোরদার করা হয়।’

প্রসঙ্গত, গতকাল বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ওই পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় একজন নিহত হন। ঘটনার ২৬ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

ইত্তেফাক/এইচএ