ফেডারেশন কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শুরু হবে ২৬ ডিসেম্বর। ফাইনাল ২১ মে। শুরু হবে মুন্সিগঞ্জ মাঠ থেকে, শেষ হবে গোপালগঞ্জের মাঠে। মোহামেডান-আবাহনী এক গ্রুপে খেলবে। কুমিল্লায় এই দুই দল গত ৩০ মে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল। শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে মোহামেডান হারিয়েছিল আবাহনীকে।
ফেডারেশন কাপের আগেই, ২২ ডিসেম্বর শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ। লিগের ফাঁকে ফাঁকে ফেডারেশন কাপের খেলা হবে। ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্ট ১৯৮০ সালে শুরু হয়েছিল। এর উদ্দেশ্য ছিল লিগ শুরু হওয়ার আগে ক্লাবগুলোর জন্য ওয়ার্মআপ টুর্নামেন্ট, যেন লিগের ম্যাচে নামার আগে ক্লাবগুলো নিজেদের শক্তি পরীক্ষা করে দেখতে পারে। সেই টুর্নামেন্ট এখন লিগের খেলা চলাকালীন হয়। সেটা নিয়েই কাল সন্ধ্যায় বাফুফে ভবনে ড্র হয়ে গেল, ভেন্যু কোথায় সেটিও ড্র করে নির্ধারণ করতে হয়েছে। লিগ কমিটির নতুন চেয়ারম্যান ইমরুল হাসান আসেননি।
ফেডারেশন কাপের খেলা হবে তিন ভেন্যুতে। গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ এবং ঢাকায় বসুন্ধরা কিংসের মাঠ। ফেডারেশন কাপ টুর্নামেন্টে গোপালগঞ্জের ভাগ্য খুব ভালো। এই টুর্নামেন্টের খেলা ১৯টি। গোপালগঞ্জ পেয়েছে ৯টি। এর মধ্যে বলতে গেলে গুরুত্বপূর্ণ সব খেলাই পেয়েছে গোপালগঞ্জ, শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা হবে। উদ্বোধনী খেলাটা মুন্সীগঞ্জে হবে, পুলিশ ও রহমতগঞ্জের বিপক্ষে। একই দিনে গোপালগঞ্জে ফর্টিস এফসি এবং বসুন্ধরা কিংসের খেলা হবে। টুর্নামেন্টে তিন গ্রুপে ১০ দল লড়াই করবে। গ্রুপ পর্বের পাঁচটি খেলা পেয়েছে গোপালগঞ্জ। ১৬ জানুয়ারি টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান ও চট্টগ্রাম আবাহনী, ৩১ জানুয়ারি মোহামেডান-ব্রাদার্স, ১৩ ফেব্রুয়ারি মোহামেডান-আবাহনী ম্যাচ দেখতে পারবেন গোপালগঞ্জের ফুটবল সমর্থকরা। বসুন্ধরা কিংসের মাঠে ফেডকাপের গ্রুপ পর্বের ম্যাচ হবে মাত্র তিনটি। এর মধ্যে টুর্নামেন্টের রানারআপ আবাহনীর খেলা রয়েছে দুইটি।
গোপালগঞ্জে টানা তিনটি কোয়ার্টার ফাইনালের খেলা হবে। এই তিনটি খেলার ভেন্যু নির্ধারণ হয়েছে লটারির মাধ্যমে। এসব লটারিতে অংশগ্রহণ করেছেন ক্লাব থেকে আসা কর্মকর্তারা এবং উপস্থিত সাংবাদিকরা। কোয়ার্টার ফাইনালের ভেন্যু নির্ধারণে যখন টানা তিন বার গোপালগঞ্জের নাম উঠল তখন দুই-এক জন আপত্তি করল অন্য ভেন্যু কোয়ার্টার ফাইনাল পাচ্ছে না। নতুন করে কোয়ার্টার ফাইনালের ভেন্যুর ড্র করা যায় কি না।’ বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার উপস্থিত ক্লাব প্রতিনিধিদের উদ্দেশে বললেন, ‘আপনারা কী বলেন? কোয়ার্টার ফাইনালের ভেন্যু নির্ধারণে নতুন করে ড্র করা যায় কি না?
আবাহনী থেকে আসা জাকারিয়া বাবু বলেন, ‘এটা করাটা ঠিক হবে না। লটারি হয়ে গেছে। কেন চেঞ্জ করবেন? এখন চেঞ্জ করলে এটা নিয়ে পরে কথা হবে। আগেই যদি বলে দেওয়া হতো, তিন ভেন্যুতে তিনটা কোয়ার্টার ফাইনাল হবে, আর একটির জন্য ড্র হবে। তাহলে একটা কথা। এখন যা হয়েছে তা নিয়েই শেষ করা ভালো।’ পেশাদার ফুটবল লিগ কমিটির সদস্য আবদুর রহিম বলেন, ‘ভেন্যু সমস্যার কারণেই লটারিতে গিয়েছি। ভেন্যু লিমিটেড।’ চতুর্থ কোয়ার্টার ফাইনালের ভেন্যু নির্ধারণের জন্য গোপালগঞ্জের নাম বাদ দিয়ে মুন্সীগঞ্জের নাম দেওয়া হয়। বাকি থাকে ফাইনালের ভেন্যু। পট থেকে কে তুলবে শেষ ভেন্যুর নাম। সবার অনুরোধ লিগ কমিটির সদস্য, বাফুফের সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য আবদুর রহিম তুলবেন। তিনি তুললেন, ভাঁজ করা কাগজ খুলে দেখালেন। সেটিও গোপালগঞ্জের নাম। ফাইনাল গোপালগঞ্জে।
ফেডারেশন কাপ ফুটবলের দলগুলো
গ্রুপ ক
পুলিশ ফুটবল ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ।
গ্রুপ খ
আবাহনী, মোহামেডান, চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স ইউনিয়ন।
গ্রুপ সি
বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়াচক্র, ফর্টিস এফসি ফুটবল ক্লাব।
