এসপিকে বদলি চেয়ে দুপুরে চিঠি, সন্ধ্যায় পিছুটান জাপার ৬ প্রার্থীর

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২০:৪৬

যশোরের পুলিশ সুপার (এসপি) প্রলয় কুমার জোয়ার্দারকে বদলি করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে চিঠি দিয়েছিলেন জেলার ছয়টি আসনের জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থীরা।বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের প্রাপ্তি জারি শাখায় তারা পৃথক ছয়টি চিঠি জমা দেন। 

তবে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন তারা। দুপুরে সিইসিকে এসপিকে বদলির যে চিঠি দিয়েছিলেন, সন্ধ্যায় সেটা প্রত্যাহার করেছেন জাপার ছয় প্রার্থী। সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, ছয়টি আসনেই এসপির সুষ্ঠু ভোট গ্রহণের প্রতিশ্রুতিতে তারা সেই চিঠি প্রত্যাহার করে নিয়েছেন বলে জানা গেছে।

এসপির বদলি চাওয়া জাপা প্রার্থীরা হলেন যশোর-১ আসনে মো. আক্তারুজ্জামান, যশোর-২ আসনে ফিরোজ শাহ, যশোর-৩ আসনে মো. মাহবুব আলম, যশোর-৪ আসনে মো. জহুরুল হক, যশোর-৫ আসনে এমএ হালিম এবং যশোর-৬ আসনে জিএম হাসান।

প্রলয় কুমার জোয়ারদার যশোরে প্রায় তিন বছর কর্মরত আছেন। তিনি সম্প্রতি এসপি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতি হলেও তিনি বর্তমানে যশোরে কর্মরত রয়েছেন। তিনি নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হলেও তার শ্বশুরবাড়ি মনিরামপুর উপজেলায়। আত্মীয়তার কারণে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের শ্বশুর মনিরামপুরের মৃত চৈতন্য কুমার বিশ্বাস। তিনি মনিরামপুর উপজেলাসহ সমগ্র যশোরের বহু মানুষের সঙ্গে সম্পর্কিত। এ ছাড়া তিনি মনিরামপুরের বর্তমান সংসদ, পল্লি উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের জামাই হিসাবে সুপরিচিত। আত্মীয়তার এ সম্পর্ক আসন্ন নির্বাচনকে প্রভাবিত করতে পারে মত এখানকার প্রার্থীদের।

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে প্রার্থী ফিরোজ শাহ বলেন, যেহেতু যশোরের এসপি প্রলয় কুমার জোয়ারদ্দারের শ্বশুর বাড়ি যশোরে। আমরা শঙ্কা করেছিলাম, স্বজনপ্রীতির কারণে সুষ্ঠু ভোট হবে না। তাই নির্বাচন কমিশন বরাবর সেই শঙ্কার কথা জানিয়ে চিঠি দিয়েছিলাম। পরবর্তী আমাদের পার্টির মহাসচিবের সঙ্গে যশোরের এসপি কথা বলেছেন। তিনি পার্টির মহাসচিবকে এখানে সুষ্ঠু ভোট হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। পার্টির মহাসচিবের নির্দেশে আমাদের সেই অভিযোগের চিঠি প্রত্যাহার করে নিয়েছি। তিনি জানান, আমরা সবাই যশোরে রয়েছি। যশোর ফিরেই এসপি আমাদের সঙ্গে বসবেন বলে জানিয়েছেন। 
 
যশোর-৩ আসনের জাতীয় পাটির প্রার্থী মাহবুব আলম বাচ্চু জানান, আমাদের দলীয় মহাসচিব মজিবুল আলম চুন্নুর সঙ্গে এসপি প্রলয় কুমার জোয়ারদারের সমঝোতা হওয়ায় আমরা ৬ প্রার্থী অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। তিনি আশ্বস্ত করেছেন, যশোরের সব আসনে সুষ্ঠু নির্বাচন হবে। কোনো প্রভাব বিস্তার করবে না পুলিশ। যে কারণে দলের মহাসচিবের নির্দেশে আমরা এসপির বিরুদ্ধের করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছি। এসপি সাহেব আমাদের ৬ প্রার্থীর সঙ্গে আগামী ১৭ ডিসেম্বর বসবেন বলে জানিয়েছেন।

ইত্তেফাক/পিও