দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে করা আপিল শুনানি আজ শুক্রবার শেষ হচ্ছে। গত পাঁচ দিনের শুনানিতে এ পর্যন্ত ২৬৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার ১০১ জনের আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৪ জন। আপিল আবেদন নামঞ্জুর হয়েছে ৫২ জনের। আর চারটি আবেদনের সিদ্ধান্ত হয়নি এবং অনুপস্থিত ছিলেন একজন প্রার্থী। এ পর্যন্ত পাঁচ দিনের আপিল শুনানিতে ২১৩ জনের আবেদন নামঞ্জুর হয়েছে। গতকালের শুনানিতে প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানও রয়েছেন। এছাড়া আপিল আবেদন নামঞ্জুর হওয়াদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম। আর ময়মনসিংহ-৩ আসনে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগ প্রার্থী মোশাররফ হোসেন আজাদের প্রার্থিতা আপিলেও বাতিল ঘোষণা করা হয়।
অন্যদিকে নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের বৈধ প্রার্থী একরামুল করিম চৌধুরী এবং সিলেট-৩ আসনে আওয়ামী লীগের বৈধ প্রার্থী হাবিবুর রহমান এবং পটুয়াখালী-১ আসনে জাতীয় পার্টি-জাপার বৈধ প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দেওয়া হয় শুনানিতে। এছাড়া ৫ম দিনে প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে জাপার আরো দুই জন, জাতীয় পার্টি-জেপির এক জন, জাসদের এক জন, তৃণমূল বিএনপির এক জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) এক জন ও ১৫ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আপিলে প্রার্থিতা বাতিল নৌকার সালামের: ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালামের প্রার্থিতা ঋণখেলাপির দায়ে বাতিল করেছে নির্বাচন কমিশন। ঐ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে সালামের প্রার্থিতা বাতিল চান এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল আবেদীন খান।
খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচনে অংশ নিয়েছি—মেজর আখতারুজ্জামান: গতকালের শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়ে কিশোরগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, একটাই লক্ষ্য, দেশমাতা খালেদা জিয়ার মুক্তি চাই। এর জন্য এই নির্বাচনে দাঁড়িয়েছি।
ইসিতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি: প্রার্থিতা নিয়ে আপিল শুনানির মধ্যেই কুমিল্লার দুই প্রার্থীর সমর্থকরা নির্বাচন কমিশনের বাইরে হাতাহাতিতে জড়িয়েছেন। গতকাল দুপুরের দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সবুর ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়।
পুলিশ সুপারের বদলি চেয়েও পিছু হটলেন জাপার ছয় প্রার্থী: যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দারের বদলি চেয়ে গতকাল সকালে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন এই জেলার ছয় আসনের জাপার ছয় প্রার্থী। তবে দুপুরেই আবার ঐ অভিযোগ প্রত্যাহার করে আবেদন তুলে নেওয়ার কথা বলেছেন তাদের একজন।
ছয় শতাধিক পুলিশ সদস্য বদলিতে ইসির অনুমোদন: পুলিশ পরিদর্শকসহ বাহিনীটির ছয় শতাধিক সদস্য বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি চিঠি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে পাঠিয়েছে নির্বাচন কমিশন।
শাহজাহান ওমরসহ পাঁচ হেভিওয়েট প্রার্থীর ব্যাপারে সিদ্ধান্ত আজ: নির্বাচনে পাঁচ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে আজ শুক্রবার। দ্বৈত নাগরিকত্ব, মামলার তথ্য গোপন ও হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে এই পাঁচ হেভিওয়েট প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করা হয় নির্বাচন কমিশনে।
