গাজীপুরের পর এবার নীলফামারীর ডোমারে রেললাইনে নাশকতার চেষ্টা করা হয়েছে। ডোমারে ৭২টি প্যান্ডেল ক্লিপ (ইলাস্টিক রেল ক্লিপ-ইআরসি) খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর প্রচেষ্টায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোগরা প্রধানপাড়ার দোলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডোমার-চিলাহাটি রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী গ্রামবাসী সবুজ রায় বলেন, বুধবার রাতে ডোমারে রেললাইনের নাট-বল্টু খোলার শব্দ শুনতে পাওয়া যায়। এগিয়ে গিয়ে দেখা যায়, এক দল দুর্বৃত্ত রেললাইনের প্যান্ডেল ক্লিপ খুলছে। তখন সবাই দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। ঘটনার পর চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি আসছিল। এসময় রেললাইনের ওপর শতাধিক ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। তারা সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইটের আলো দেখতে পেয়ে ট্রেনটি থামানোর জন্য হাত তুলে চিত্কার করতে থাকেন। ঘটনাস্থল থেকে ৫০ মিটার দূরে চালক ট্রেনটি থামায়। এতে করে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায়।
বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমন বলেন, এলাকাবাসীর ধাওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদের ফেলে যাওয়া একটি বস্তা থেকে ৭২টি প্যান্ডেল ক্লিপ নাশকতা থেকে অল্পের উদ্ধার হয়। এরপর রেলের লোকজন এসে লাইন মেরামত করলে প্রায় দেড় ঘণ্টা পর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
নীলফামারী স্টেশন মাস্টার ওবায়দুর রহমান রতন বলেন, লাইন মেরামত করে প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়। এর মধ্যে এ ঘটনার খবর পেয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটিও দেড় ঘণ্টা অপেক্ষা করে। আটকা পড়ে ডোমার স্টেশনে।
সীমান্ত এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুর রহমান বলেন, ‘আমরা এখানে আসার পর এলাকাবাসী ট্রেনটি জরুরিভিত্তিতে থামার সংকেত দেয়। পরে ট্রেনটি থামানোর পর দেখা যায় রেললাইনের অনেক প্যান্ডেল ক্লিপ কে বা কারা খুলে ফেলেছে। পরে লাইন মেরামত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়।’
গাজীপুরের ঘটনায় মামলা: গাজীপুরে ট্রেনে নাশকতার ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে ঢাকা জিআরপি (কমলাপুর) থানায় হত্যা ও নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জিআরপি থানার ওসি ফেরদাউস আহমেদ বিশ্বাস। মামলার বাদী হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) কর্মকর্তা আশরাফ আলম খান। এই মামলায় পুলিশ গতকাল পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। গতকাল ঘটনাস্থল পরির্দশন করেছে তদন্ত কমিটি।
গাজীপুর প্রতিনিধি জানান, বনখরিয়া এলাকায় রেলে দুর্বৃত্তদের নাশকতার ঘটনায় রেলপথ মন্ত্রণালয়ের গঠন করা তদন্ত কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন। গতকাল সকাল ১০টার দিকে তদন্ত-কমিটির আহ্বায়ক রেলওয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহ্ ইমাম আলী রেজার নেতৃত্বে রেল মন্ত্রণালয়ের তিন সদস্যবিশিষ্ট তদন্ত-কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।
শাহ্ ইমাম আলী রেজা বলেন, ‘তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা সকালে ঘটনাস্থলে এসেছি পর্যবেক্ষণ করার জন্য। তদন্ত শেষে কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে।’
বুধবার গাজীপুরের ভাওয়ালে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের একটি অংশ কেটে ফেলে দুর্বৃত্তরা। ঐ পথে যাওয়ার সময় মোহনগঞ্জ এক্সপ্রেস নামে একটি ট্রেন লাইনচ্যুত হয়। এ ঘটনায় এক জন নিহত ও অর্ধশত আহত হয়েছেন।
