আজ আমাদের গৌরবের দিন। নানা আয়োজনে পোশাকে, ঘর-সজ্জায় উঠে আসে লাল-সবুজের গল্প। সেই গল্প থেকে হেঁসেল আর বাদ থাকবে কেন। রইলো বিজয়ের স্বাদ উদযাপনে শাহনাজ সেতুর ৪ টি মজাদার দেশি পদের রেসিপি।
লালশাক জলপাই এর টক
উপকরণ
লাল শাক ১ আটি, জলপাই বড় ৫/৬ টি, লবণ আন্দাজমতো, হলুদ গুড়া ১/২ চা চামচ, কাঁচ মরিচ ৬/৭ টি কেটে ফালি করে নেয়া, রান্নার তেল দেড় টেবিল চামচ, পিয়াজ কুঁচি দুই টেবিল চামচ, রসুন কুচি তিন কোয়া, পানি চার কাপ।
প্রণালী
শাক বেছে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নিন। জলপাই কেটে পানিতে ভিজিয়ে রাখুন। কড়াই চুলায় দিন। গরম হলে তেল দিন। তেল গরম হলে পিয়াজ ও রসুন কুঁচি দিন। হালকা নরম হয়ে রং বদলে এলে এতে এক কাপ পানি ও লবণ দিয়ে জলপাই ফালি দিন। নেড়ে চেড়ে দিন। হলুদ গুড়া ও কাঁচা মরিচ ফালি দিন। ফুটে এলে এতে কেটে রাখা শাক দিন।জলপাই আর শাক একটু কষে এলে কড়াইতে তিন কাপ পানি দিন। মিনিট পাঁচেক ফুটে এলে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রেখে চুলা বন্ধ করে দিন।
পালং শাকে পুঁটি মাছের ঝোল
উপকরণ
পালং শাক এক আটি,পুঁটি মাছ আড়াইশো গ্রাম, কাঁচা মরিচ ৬/৭ টি, হলুদ গুড়া আধা চা চামচ, লবণ আন্দাজ মতো, রান্নার তেল দুই টেবিল চামচ, পিয়াজ কুঁচি ১/৪ কাপ, রসুন কুচি দুই টেবিল চামচ।
প্রণালী
শাক ধুয়ে কেটে নিন। মাছ কেটে ভাল করে ধুয়ে নিন। চুলায় কড়াই দিন। গরম হলে তেল দিন। গরম হলে পিয়াজ ও রসুন কুঁচি দিন। হালকা বাদামি হলে এতে এক কাপ পানি দিন। হলুদ ও লবণ মিশান। ফুটে গেলে পানি মাছ দিন। কষে এলে এতে শাক বিছিয়ে ঢাকা দিন। মিনিট তিনেক পর ঢাকনা খুলে কাঁচা মরিচ দিয়ে সাবধানে নেড়ে মাছ তুলে উপরে দিন। শাক থেকে যে পানি বের হবে তাতেই রান্না হয়ে যাবে। শাক সেদ্ধ হয়ে একটু নরম হয়ে এলে কড়ায়ের দু পাশ হালকা দুলিয়ে মাছ শাক মিশিয়ে চুলা নিভিয়ে দিন।
করলা দিয়ে পাবদা মাছের মাখা
উপকরণ
পাবদা মাছ আড়াইশ গ্রাম,১ টি করলা বড়, পেঁয়াজ কুঁচি আধা কাপ, ১ টি টমেটো কুঁচি, জিরা গুড়া আধা চা চামচ, মরিচ গুড়া আধা চা চামচ, হলুদ গুড়া আধা চা চামচ, রান্নার তেল তিন টেবিল চামচ, লবণ আন্দাজ মতো, কাঁচা মরিচ ৫/৬ টি।
প্রণালী
কড়াইতে তেল গরম হলে পেঁয়াজ কুঁচি দিন, একটু ব্রাউন রং এলে এতে টমেটো কুঁচি দিয়ে লবণ দিন ও নাড়ুন। নরম হয়ে এলে গুড়া মশলা মিশিয়ে কষিয়ে পানি দিন। পানি ফুটে এলে মাছ দিন। মিনিট চারেক পর সাবধানে মাছ উল্টিয়ে দিন।করলা দিন। কড়াই ধরে হালকা নেড়ে দিন। এতে মাছের ঝোলে করলা একটু ডুবে যাবে। একটু পর আবার কড়াই ধরে ঘুরিয়ে নেড়ে দিন। করলা দেবার পর পারলে খুন্তি দিয়ে না নাড়লেই ভালো। মাছ ভাঙ্গবে না। কাঁচা মরিচ ফালি দিন।ঝোল একটু গা মাখা থাকতেই নামিয়ে নিন।
সর্ষে ঢেঁড়স
উপকরণ
ঢেঁড়স আড়াইশ গ্রাম, সর্ষে এক টেবিল চামচ। (হলুদ বেশী ও কালো মিশিয়ে) পিয়াজ কুঁচি ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৬/৭ টি, লবণ আন্দাজমতো, হলুদ গুড়া এক চা চামচ, সরিষার তেল দুই টেবিল চামচ।
প্রণালী
সর্ষে অল্প লবণ ও কাঁচামরিচ দুইটা দিয়ে বেটে নিন। ঢেঁড়স ধুয়ে আগা ও বোট ফেলে রাখুন। কড়াই গরম হলে তেল দিয়ে পিয়াঁজ কুঁচি দিন। নরম হয়ে এলে এতে ঢেঁড়স দিন। হলুদ গুড়া দিন। আঁচ বাড়িয়ে নেড়ে মিনিট দুয়েক ভাজুন। লবণ দিন আন্দাজ করে -সর্ষে বাটাতেও লবণ আছে সেটা খেয়াল রেখে দিবেন। এবার বেটে রাখা সর্ষেতে আধা কাপ পানি মিশিয়ে কড়াই তে দিন। খুন্তি দিয়ে নাড়ুন। কাঁচা মরিচ ফালি বাকিটা দিন। মিনিট চার পাঁচকেই দেখবেন ঢেঁড়স সেদ্ধ হয়ে এসেছে। একদম বেশি সেদ্ধ করবেন না। কচকচে ভাব গিয়ে কেবল নরম হবে এ অবস্থাতেই চুলা বন্ধ করুন। বাকিটা কড়াই এর আঁচেই হয়ে যাবে। চাইলে এ সময় অল্প ধনে পাতা কুঁচি মিশিয়ে দিতে পারেন।
