হটাও অপচ্ছায়া

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২০:৫৬

কামাল হোসাইন

আর কতটা রক্ত গেলে আর কতটা প্রাণ

বিবেক নামক যন্ত্রটাকে আমরা দেব শান?

দিনদুপুরে মানবতা যাচ্ছে হেরে রোজ

তবুও নেই কারোর চোখে একটুকু সংকোচ।

নিজের মতো নিজেই বাঁচো, কার কী হলো আর

নেই সেসবের হিসেব কোনো, যুক্তি পরিষ্কার।

তুমি তো ভাই ভালোই আছ মুখ লুকিয়ে গর্তে

এসব নিয়ে কথা বলে চায় কে বল মরতে!

বুকের ভেতর রক্তক্ষরণ, উঠছে ফুঁসে ফেনা

এই স্বদেশের প্রতিও আছে তোমার আমার দেনা।

শুধতে হবে সেসব দেনা, খুলতে হবে মুঠো

বাঁচতে হলে চাই তো ধরা সামান্য খড়কুটো।

মরল রিফাত, অভিজিত্ও, কেউ নিরাপদ নও

এসো হাতে হাতটা ধরি, মানুষ যদি হও।

পালটে ফেলো সম্মিলিত প্রতিবাদের ভাষা

তোমায় দেখে একটু না হয় মানুষ পেল আশা।

শেকড়সমেত তুলতে হবে এসব অপচ্ছায়া

প্রশাসনের ঠুলি পরা, ভারী সকল পায়া।

আর মোটে নয় মানবতার এমন অপমান

করতে হবে সন্ত্রাসীদের শেকড় ছত্রখান।