মুন্সীগঞ্জে বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকাডুবি, ২ জনের লাশ উদ্ধার

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২১:১৯

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বাল্কহেডের ধাক্কায় ৪০ যাত্রীসহ একটি খেয়া নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ২ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার হাসাইলের কাছে পদ্মার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার মান্দ্রা গ্রামের নজরুল ব্যাপারীর মেয়ে সিফা আক্তার (১৫) ও নারায়ণগঞ্জের ফতুল্লার ফারুক হোসেনের মেয়ে ফহিজা আক্তার (০৬)।

প্রত্যক্ষদর্শীর জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খেয়া নৌকাটি হাসাইল চরের মিয়া বাড়ি ঘাট থেকে হাসাইল বাজারে আসার সময় মাঝ নদীতে অন্ধকারের মধ্যে বাল্কহেড ট্রলারটি ধাক্কা দেয়। এতে খেয়া নৌকাটি ৪০ যাত্রী নিয়ে ডুবে যায়।

এ সময় স্থানীয়রা এক কিশোরী ও শিশুকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

টঙ্গীবাড়ির ইউএনও আসলাম হোসাইন বলেন, এখনো কেউ নিখোঁজ রয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।

টঙ্গীবাড়ী থানার ওসি রাজিব খান বলেন, নিখোঁজ রয়েছে কিনা সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। 

ইত্তেফাক/এবি