চলতি বছরের শেষ ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে নিউজিল্যান্ডে। অন্যান্যা প্রতিপক্ষের তুলনায় ব্ল্যাকক্যাপসরা প্রতিপক্ষ হিসেবে লাল-সবুজদের কাছে বেশ পরিচিত। ঘরের মাটিতে ও তাদের দেশে গিয়ে বেশ কয়েকবার তাদের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। সেই ধারবাহিকতায় ওয়ানডে ফরম্যাটে ঘরের মাটিতে কিউদের বিপক্ষে সুখকর স্মৃতি থাকলেও তাদের দেশে গিয়ে এখন পর্যন্ত ১৬ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। তবে এবার সেই অর্জনের বইয়ে সাফল্যের অধ্যায় যুক্ত করতে চান নাজমুল হোসেন শান্ত।
আজ বাংলাদেশ সময় সকাল ৪টায় নিউজিল্যান্ডের ডানেডিনে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগাররা। এর আগে গেল বৃহস্পতিবার একটি ওয়ানডে প্রস্তুতিম্যাচ খেলতে নেমে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ২৬ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর গতপরশু সিরিজের শিরোপা উন্মোচনে এসে শান্ত জানিয়েছিলেন এবার কিউদের ঘরের মাটিতে জিততে চান তারা। গতকাল সেই কথারই পুনরাবৃত্তি করে শান্ত জানান জয় পেতে নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসের কথা। তার মতে এবার বাংলাদেশ দলের সামর্থ্য রয়েছে জয় পাওয়ার। বলেন, ‘এর আগে যতবারই (নিউজিল্যান্ডে) এসেছে (বাংলাদেশের) কোনো দল এটি (নিউ জিল্যান্ডের বিপক্ষে সাদা বলে জয়) করতে পারেনি। তবে কোনো না কোনো দলকে তো করতে হবে। আমার মনে হয়, এই দলটার সেই সামর্থ্য আছে। সবাই বিশ্বাস করে, এই বছর আমাদের ভিন্ন ফল হবে ইনশাআল্লাহ।’
এসময় দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান স্কোয়াডে না থাকায় তার পরিবর্তে সৌম্য সরকার দলে বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন টাইগারদের তরুণ এই অধিনায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আলাদা কোনো ক্রিকেটারকে নিয়ে কথা বলতে চাই না আমি। সবাই গুরুত্বপূর্ণ। তবে সৌম্যর দায়িত্বটা গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সঙ্গে উনার বোলিংটাও খুব জরুরি। যেহেতু সাকিব ভাই নেই, তাই (সৌম্যর) ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট এই কথা চিন্তা করেই তাকে দলে অন্তর্ভুক্ত করেছে। এর সাথে অভিজ্ঞতাটা তো আছেই।’
এদিকে এই সিরিজে বাংলাদেশের সামনে নিউজিল্যান্ড ছাড়াও আরেকটি প্রতিপক্ষ রয়েছে আর সেটি হল সেখানকার স্থানীয় কন্ডিশন। বাংলাদেশের সঙ্গে সেখানকার কন্ডিশনে পুরো আকাশ-পাতাল তফাত। তবে এটি নিয়ে ভাবছে না শান্ত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘কন্ডিশন একটু ঠান্ডা, তবে আমার মনে হয় এই অজুহাতটা আমরা কেউই দিতে চাই না। এখানে এর আগেও আমরা এসেছি তাই আমাদের ধারণা রয়েছে। আশা করছি কালকে এটা নিয়ে খুব বেশি একটা সমস্যা হবে না।’ আরেক প্রশ্নে জবাবে বলেন, ‘কন্ডিশন আমাদের নিয়ন্ত্রণে নেই, তো এইটা নিয়ে খুব বেশি চিন্তার অপশন নেই, যেরকম কন্ডিশন থাকবে তার সঙ্গে মানিয়ে নিয়েই খেলোয়াড়রা খেলবে বলে আমার মনে হয় এবং সবাই এটা নিয়ে প্রস্তুত যেমনই পরিস্থিতি হোক।’
পুরোপুরি ভিন্ন কন্ডিশনে মাঠে নামার আগে স্বাগতিকদের নিয়ে নিজেদের পরিকল্পনার বিষয়ে শান্ত বলেন, ‘ডিপেন্ড করছে যে আমরা ইনিংসটা কীভাবে শুরু করতেছি, ব্যাটিং হোক বোলিং হোক। তো আমাদের অবশ্যই আগে থেকে অনেক বড় চিন্তা নেই। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হলো ইনিংসটা কত ভালো ভাবে শুরু করতে পারি। শুরুটা যদি ভালো হয় তাহলে আমরা ঐ মোমেন্টটার্মটা বহন করব, তখন অটোমেটিক একটি বড় স্কোর হবে।’
