মাঠ নিয়ে অসন্তুষ্ট কোহলি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৩০

স্পোর্টস রিপোর্টার

বিশ্বকাপে এটা ছিল ভারতের প্রথম পরাজয়। স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়ার পর দলের সেঞ্চুরিয়ান রোহিত শর্মা বলেছেন, এটা তাদের জন্য একটা শিক্ষা হয়েছে। সেই সাথে তিনি বলেছেন, ম্যাচ বের করে আনার জন্য তাদের ব্যাটসম্যানরা যথেষ্ট চেষ্টা করেছিলেন। এদিকে ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এজবাস্টনের ছোট মাঠ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

রোহিত শর্মা এই টুর্নামেন্টে নিজের তৃতীয় সেঞ্চুরিটি করেছেন রবিবার। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে এই সেঞ্চুরি বিফলে গেছে। শেষ পর্যন্ত ভারত ৩৩৭ রান তাড়া করতে গিয়ে ৩১ রানে হেরেছে ম্যাচ। ভারতীয় বোলারদের ওপর দাপট দেখিয়ে সেঞ্চুরি করেছিলেন জনি বেয়ারস্টো ও আবার দারুন এক ইনিংস খেলেছেন বেন স্টোকস।

রোহিত শর্মা এই ম্যাচের পর বলেছিলেন, ইংল্যান্ড আসলে শ্রেয়তর ক্রিকেট খেলায় ম্যাচ বের করে নিয়ে যেতে পেরেছে, ‘তারা ম্যাচ জুড়েই আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। তারা ব্যাটিংয়ের সময় একটা নয়, তিনটে বড় জুটি পেয়েছে। অন্য দিকে আমরা একটাই বড় জুটি করতে পেরেছি।’

এমনকি বোলারদের বুুদ্ধিমত্তার কারণে ভারতীয় দল ছোট বাউন্ডারির দিকে শট করতে পারেনি বলে বলছিলেন রোহিত, ‘তারা শর্ট বল ও স্লোয়ার বলের দারুণ একটি মিশ্রণ করতে পেরেছে। আমাদের বাধ্য করেছে লম্বা বাউন্ডারির দিকে শট করতে। এই ব্যাপারটা আমাদের জন্য একটা ভালো শিক্ষা হলো। পরের ম্যাচে আমরা এটা কাজে লাগাতে পারব।’

এই বাউন্ডারি নিয়েই আপত্তি আছে বিরাট কোহলির। এজবাস্টনে এক দিকে বাউন্ডারি মাত্র ৫৯ মিটার লম্বা। এত ছোট বাউন্ডারিতে ফ্লাট উইকেট দেওয়ায় কোহলি বলছেন, তিনি বিস্মিত হয়েছেন, ‘টসটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠল। কারণ এক পাশের বাউন্ডারি খুব ছোট ছিল। কাকতালীয়ভাবে এটা এতটাই ছোট ছিল যে, আইনে আপনি যত ছোট বাউন্ডারি রাখতে পারেন, ঠিক তাই ছিল। ফ্লাট উইকেটের সাথে এটা খুব বিস্ময়কর ব্যাপার ছিল। এরকম নানাবিধ ঘটনা এই টুর্নামেন্টে ঘটছে। এই মাঠেই রিভার্স সুইপ করে ৫৯ মিটারে ছক্কা মারছে কেই। আবার আরেক দিকে ৮২ মিটারের বাউন্ডারি!’

তবে বাউন্ডারি নয়, নিজেদের ব্যর্থতাকে সামনে আনতে চেয়েছেন রোহিত শর্মা। তিনি বলছিলেন শুরুতেই লোকেশ রাহুলের উইকেট হারানো দলের জন্য বড় একটা ধাক্কা হয়ে গেছে, ‘শুরুতে উইকেট হারানোটা দলের জন্য সবসময় বাড়তি চাটের ব্যাপার। আমরা কেএলকে (রাহুল) একেবারে খেলার শুরুতে হারিয়ে ফেলেছি। আর এরপর ওরা খুব ভালো বল করেছে প্রথম ১০ ওভারে।’

এই ম্যাচের পর আবারও মহেন্দ্র সিং ধোনির প্রচুর সমালোচনা হচ্ছে। শেষ ১০ ওভারে তিনি ম্যাচ বের করার চেষ্টা করেননি বলে অনেকেই বলছেন। কিন্তু রোহিত বলছেন, ধোনি ও কেদার যাদব ওই সময় মারার চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। তিনি ব্যাখ্যা করে বলেছেন, ‘যখন এমএস (ধোনি) ও কেদার ব্যাটিং করছিল, আমার মনে হয়, ওরা মারার চেষ্টাই করছিল। কিন্তু উইকেট তখন যেমন ধীরগতির হয়ে এসেছিল, তাতে ওরা কাজটা করতে পারছিল না।’