শেখ জামাল ধানমন্ডি ক্লাব আয়োজন করল বিজয় দিবস নাইট। অনুষ্ঠানে ছিলেন ক্রিকেট একাডেমির খুদে খেলোয়াড়রা বাবা-মায়ের সঙ্গে বসে ছিলেন। অনেক দিন পর আবার নিজ ঘরে অতিথির আসনে বসলেন মনজুর কাদের। যার হাত ধরেই এই শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জন্ম। সেই মনজুর কাদের, সাবেক ফুটবলার শেখ আশরাফ আলী, জাতীয় হকি দলের প্রথম অধিনায়ক এবং আবাহনীর সাবেক ফুটবল অধিনায়ক আব্দুস সাদেকরা অনুষ্ঠানের আগেই হাজির হয়ে গেলেন।
অনুষ্ঠানে সাকিব আসলেন সন্ধ্যায়। ক্লাবের সভাপতি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান জানান, আগামী দুই বছরের জন্য শেখ জামালে খেলবেন সাকিব। আমাদের জন্য নতুন একটা সফর।’ ক্লাবের সচিব মেহেরাব আলম চৌধুরী জানালেন সাকিবকে নেওয়ার বিষয়টি আগেই সম্পূর্ণ ছিল। চুক্তি হয়ে গিয়েছিল। আজকে (গতকাল) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো। দুই বছরের জন্য ক্রিকেট খেলবেন সাকিব।’ আলোক সজ্জিত মঞ্চে উঠলেন সাকিব। বাচ্চাদের উদ্দেশ্যে সাকিব বললেন, ‘আমি যখন ছোট ছিলাম। ক্রিকেট খেলতাম, শেখ জামাল ক্লাবটা আমার কাছে পরিচিতি একটা নাম। এখানে আসলে আমার ভালোই লাগে। আমি চেষ্টা করব শেখ জামালকে ট্রফি দেওয়ার।’
শেখ জামালের খেলা নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। সেটা দেখে সাকিব জানান, ‘শেখ জামাল ফুটবল-ক্রিকেট আপনারা যা দেখলেন (ভিডিও) খুবই ভালো করছে। এর পেছনে অসাধারণ কৃতিত্ব রয়েছে আমাদের মনজুর ভাইয়ের, সাফওয়ান ভাইয়ের। যাদের অসামান্য অবদানের মাধ্যমে শেখ জামাল আজকে এই অবস্থানে। খুবই খুশি এই দলের অংশ হতে পেরে। আশা করি, শেখ জামালের হয়ে আগামী দুই বছর আমরা যেন চ্যাম্পিয়ন হতে পারি।’ উদ্বোধন করা হয় ক্লাবের নতুন ক্রিকেট ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড।
গতকালকের অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয় ক্লাবের পাঁচ জনকে। যাদের অবদান স্বীকার করে নিয়ে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। তারা টিপু সুলতান মাহমুদ (ম্যানেজার), রুবাইয়াত হক (ট্রেনার), শরিফুল হোসেন সুজন (বল বয়), আব্দুল মালেক (গ্রাউন্ডসম্যান), মোস্তফা মিয়া (রাঁধুনি)। পরে সংগীত পরিবেশন করেন জোবায়ের জাহাঙ্গীর জয় এবং দোলা।
