দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

পিরোজপুরে আওয়ামী লীগের প্রার্থীসহ ৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:১৭

পিরোজপুর জেলার তিনটি আসনে আওয়ামী লীগের এক প্রার্থীসহ ৫ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এছাড়া আরও এক জন প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে এসব প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

পিরোজপুর রিটানিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, পিরোজপুর-১ আসনে জাসদের মো. সাইদুল ইসলাম ডালিম ও জাকের পার্টির মো. ফরহাদ আহম্মেদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে। পিরোজপুর-২ আসনে জাকের পার্টির মো. ফয়ছাল প্রত্যাহার করেছেন। এ আসনে আওয়ামী লীগের কানাই লাল বিশ্বাসের প্রার্থীতা স্থগিত করা হয়েছে। জোটগতভাবে জাতীয় পার্টি-জেপির প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ায় দলীয় সিদ্ধান্তে এ স্থগিতকরণ। পিরোজপুর-৩ আসনে আওয়ামী লীগের আশরাফুর রহমানের মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টি-জাপার প্রার্থীকে আওয়ামী লীগ ছাড় দেওয়ায় আশরাফুর রহমান প্রত্যাহার করেন। এছাড়া জাকের পার্টি সারাদেশে নির্বাচন না করার সিদ্ধান্ত নেওয়ায় এ আসনের প্রার্থী চন্দ্রশেখর ওঝা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

চূড়ান্ত প্রার্থীরা হলেন পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের শ ম রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল ও জাতীয় পার্টি-জাপা’র নজরুল ইসলাম।

পিরোজপুর-২ আসনে জাতীয় পার্টি-জেপির আনোয়ার হোসেন মঞ্জু, মহিউদ্দিন মহারাজ (স্বতন্ত্র), আবুল বাশার (এনএনপি), মাহতাব উদ্দিন মাহমুদ (গণফ্রন্ট), জাকির হোসাইন (তরিকত ফেডারেশন), মো. সগির মিয়া (বাংলাদেশ কংগ্রেস) ও মো. মিজানুর রহমান (বিএসপি)।

পিরোজপুর-৩ আসনে স্বতন্ত্র ডা. রুস্তুম আলী ফরাজী, জাতীয় পার্টি-জাপার মাশরেকুল আজম রবি, বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোশারেফ সাকু, স্বতন্ত্র প্রার্থী শামিম শাহনেয়াজ, ন্যাশনাল পিপল্স পার্টি’র আমির হোসেন, কল্যাণ পার্টির শহিদুল ইসলাম স্বপনসহ সাতজন।

ইত্তেফাক/এবি