আক্ষেপ নিয়ে হামিদের বিদায়

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৩২

স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের বিপক্ষে ম্যাচেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন। দুই ওভারের পর তাই আর হামিদ হাসানকে বল হাতে দেখা যায়নি। এবার জানা গেল ৩২ বছর বয়সি এ পেসার এই বিশ্বকাপে আর মাঠেই নামতে পারবেন না। ফলে, হতাশা নিয়েই লম্বা এক আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানলেন তিনি।

বিশ্বকাপ দলে সবাইকে অবাক করে দিয়েই সুযোগ পেয়েছিলেন। তবে, টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই জানিয়ে রেখেছিলেন এটাই হবে তার শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট। সেটাও অবশ্য মনমতো হলো না হামিদের। আফগানিস্তান দল নয়টি ম্যাচ খেলে হেরেছে সবগুলোতেই। আর শেষ ম্যাচটা অনুষ্ঠিত হবে আগামী চার জুলাই। লিডসে সেদিন আফগানদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

হামিদ হাসান বিদায়ী বার্তায় বলেন, ‘আমি চেয়েছিলাম নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটায় যেন অন্তত জিততে পারি। কিন্তু, সেটা হলো না। ফলে, আক্ষেপ নিয়েই আমাকে বিদায় বলতে হলো।

আসলে আমি খুবই আবেগী হয়ে পড়েছিলাম ঐ সময়। বল খুব রিভার্স করছিল। হয়তো আমি বোলিং করতে পারলে আফগানিস্তান জিততেও পারতো।’

২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হামিদের। তিনি ৩৮টি ওয়ানডে খেলে পেয়েছেন ৫৯ উইকেট। যদিও, জানিয়েছেন আরো দুই বছর টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছা আছে তার।