প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা হোক

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৩৬

দেশের যে ২৩টি জেলায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট নেই, সেসব জেলায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপনের মাধ্যমে কারিগরি শিক্ষা বিস্তারের পদক্ষেপ নিয়েছে সরকার। দেশে ও বিদেশে বর্তমান ও ভবিষ্যতে চাকরির বাজারে চাহিদার প্রেক্ষাপটে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যেই সরকার এ প্রকল্প হাতে নিয়েছে। ২০১৮ সালের ১৯ নভেম্বর ২৩ জেলায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন প্রকল্পটি একনেকে পাস হয়। যতদূর জানা যায়, এখন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করার জন্য প্রকল্প পরিচালক বা পিডি নিয়োগ করা হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ উল্লিখিত প্রকল্পটি বাস্তবায়ন করবে, যা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। প্রায় ৩ হাজার ৬৯১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যা মাদ্রাসা ও কারিগরি বিভাগের ওয়েবসাইটে দেখা যায়। দেশে কারিগরি জ্ঞানসমপন্ন দক্ষ মানবসম্পদ সৃষ্টির জন্য প্রকল্পটির দ্রুত বাস্তবায়ন জরুরি। শুধু দেশে নয়, দেশের বাইরেও কারিগরি জ্ঞানসম্পন্ন এই ডিপ্লোমা ডিগ্রিধারীরা চাকরি জোগাড় করে নিতে পারবে। সেজন্য সুনামগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, নোয়াখালী ও জামালপুরসহ ২৩ জেলায় সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য ঊর্ধ্বতন মহলের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি।

আবদুল্লাহ আল নোমান, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা