দেশ জুড়ে পৌর কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৪৬

রাজস্ব খাত থেকে বেতনভাতা দাবি

ইত্তেফাক ডেস্ক

সরকারি কোষাগার থেকে বেতনভাতা এবং পেনশনসহ সকল সুযোগ-সুবিধা প্রাপ্তির দাবিতে গতকাল সোমবার পৌরসভার সকল প্রকার সেবা বন্ধ রেখে অবস্থান কর্মসূচি পালন করছে পৌর কর্মকর্তা-কর্মচারীরা। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

নীলফামারী : পৌরসভা চত্বরে বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সকল কাজ বন্ধ রেখে কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তারিখ রেজা ও সচিব মশিউর রহমানসহ অন্য কর্মচারীরা। কর্মসূচি চলাকালে নীলফামারী পৌরসভার প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার সকল কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতি পালন করে।

হবিগঞ্জ :পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানীভাতা প্রদানের দাবিতে হবিগঞ্জ পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তারা এ কর্মসূচি পালন করেন। পৌরকর্মকর্তা কর্মচারীদের এ দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন হবিগঞ্জ পৌরপরিষদের সদস্যবৃন্দ। এ সময় বক্তৃতা করেন ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাশ, কাউন্সিলর মো. জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, শেখ নূর হোসেন, মো. আলমগীর, শেখ মো. উম্মেদ আলী শামীম, খালেদা জুয়েল ও অর্পনা পাল, বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের হবিগঞ্জ পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক মহিবুর রহমান দুলনসহ হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ।

ভোলা : সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌরসভা কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা বলেন, সরকার বাজেট ঘোষণা করলেও সেই বাজেটে আমাদের দাবির বিষয়ে কোনো প্রতিফলন হয়নি। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্ধারিত এ কর্মসূচি পালন করা হচ্ছে। এ সময় পৌরসভার সকল কর্মচারী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য রাখেন, ভোলা জেলা পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মীর আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম, ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম প্রমুখ।

মেহেরপুর :সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা, পিএফ, গ্রাচ্যুইটির শতভাগ ও পেনশন প্রথা চালুকরণের এক দফা দাবিতে মেহেরপুরের দুটি পৌরসভায় দিনব্যাপী অবস্থান কর্মসূচি আন্দোলন পালন করছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। অবস্থান কর্মসূচি পালন করায় মেহেরপুর ও গাংনী পৌরসভায় কোনো ধরনের নাগরিক সেবা প্রদান করা হয়নি। পৌরবাসীরা নাগরিক সেবা নিতে গিয়ে সেবা বঞ্চিত হয়ে ফিরে গেছেন।

মানিকগঞ্জ :সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা এবং পেনশনসহ সকল সুবিধা প্রাপ্তির দাবিতে বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ ইউনিট এর উদ্যোগে মানিকগঞ্জ পৌরসভায় কর্মচারীদের দিনব্যাপী কর্মবিরতী পালিত হয়েছে। বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ ইউনিটের সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ পৌরসভার সচিব বজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গোবিন্দ সাহা, নিরঞ্জন সাহা, আলী আকবর রাজা, আওলাদ হোসেনসহ কর্মচারীবৃন্দ। বাংলাদেশ পৌর সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

নোয়াখালী:রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকতা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতাদি প্রদান ও পেনশন প্রথা চালু এবং কাউন্সিলরদের সম্মানীভাতা প্রদানের দাবিতে কর্ম বিরতি পালন করে নোয়াখালী পৌরসভাসহ জেলার ৮টি পৌরসভার কর্মকতা-কর্মচারীরা। এ সময় পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের ব্যানারে স্ব-স্ব পৌর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। নোয়াখালী পৌরসভা অবস্থান কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করেন মেয়র শহিদ উল্যা খান ও কাউন্সিলররা। এ সময় জেলা সার্ভিস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, সচিব শ্যামল কুমার দত্ত, সাধারণ সম্পাদক মাহবুবুর রহহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা এবং চৌমুহনী পৌরসভায় জেলা কমিটির সহ-সভাপতি সচিব কাইয়ুম উদ্দিন, পৌর কমিটির সভাপতি মাজারুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, গাইবান্ধা, নাটোরের সিংড়া, যশোরের কেশবপুর, পাবনার চাটমোহর, চট্টগ্রামের পটিয়া, শেরপুরের নকলা, টাঙ্গাইলের গোপালপুর,  নরসিংদীর পলাশ ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, চাঁদপুরের মতলব, লালমনিরহাটের পাটগ্রাম, চট্টগ্রামের চন্দনাইশ, সীতাকুণ্ড, যশোরের চৌগাছা, ময়মনসিংহের গৌরীপুর, কিশোরগঞ্জের হোসেনপুরসহ বিভিন্ন জেলা ও উপজেলায় অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।