ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রথম নির্বাচনী জনসভায় কাজী জাফরুল্লাহকে উদ্দেশ্য করে বলেছেন, দশম নির্বাচনে কাজী জাফরউল্লাহ আমার কাছে ২৮ হাজার ভোটে হেরেছিলেন। দ্বিতীয়বার একাদশ জাতীয় নির্বাচনে তিনি ৫৩ হাজার ভোটে হেরেছেন। এবারের দ্বাদশ জাতীয় নির্বাচনে লক্ষাধিক ভোটে আমার কাছে হারবেন ইনশাআল্লাহ। আমি তিনবার বিজয়ী হয়ে হ্যাটট্রিক করব আর কাজী জাফরউল্লাহ তিনবার হেরে হ্যাটট্রিক করবেন এটা সময়ের ব্যাপার মাত্র।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের জাঙ্গালপাশা বাজারে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। তিনি আরও বলেন, এবারের নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে আমি কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে লড়তেছি। তার গুটিকয়েক নেতারা প্রচার চালাচ্ছে ভোট কেটে নিয়ে হলেও এবারে কাজী জাফরুল্লাহ এমপি হবেন। আমি সতর্ক করে বলে দিতে চাই, ভোট কারচুপির কোনো চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। এমন কি পালানোর পথ খুঁজে পাবে না।
নিক্সন চৌধুরী হাজারো জনতার উদ্দেশ্যে আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু এবং সুন্দর। সব ভয়, গুজব, অপপ্রচার উপেক্ষা করে উন্নয়নের প্রতীক মূল্যায়নের প্রতীক জনগণের হৃদয়ের প্রতীক ঈগল প্রতীকে আপনারা ভোট দিবেন।
আজিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন। ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান। বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বাররা, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগসহ অনেকে।
