প্রাথমিক বিদ্যালয়ের আট শিক্ষক বরখাস্ত

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৪৮

 নেত্রকোনায় প্রশ্নপত্র ফাঁস

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির সাথে জড়িত থাকায় গ্রেফতারকৃত ৩৭ জন শিক্ষকের মধ্যে আটজন শিক্ষককে সাময়িক  বরখাস্ত করা হয়েছে। 

রবিবার রাতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওবায়দুল্লাহ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। এ ছাড়া এই ঘটনার সাথে জড়িত প্রাথমিক বিদ্যালয়ের তিন প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য ময়মনসিংহ বিভাগীয় উপ-পরিচালক বরাবরে চিঠি দেওয়া হয়েছে। বরখাস্তকৃত সহকারী শিক্ষকদের মধ্যে দুই জন মদন উপজেলার, এক জন আটপাড়া উপজেলার এবং পাঁচ জন কেন্দুয়া উপজেলার।

তারা হলেন- মদনের খাগুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক লাকি আক্তার ও মদনের জঙ্গল টেঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেবুন্নেছা ডলি। আটপাড়া উপজেলার তেলিগাতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক স্মৃতি খানম।

কেন্দুয়া উপজেলার বরখাস্তকৃত শিক্ষকরা হচ্ছেন- দিদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মজিবর রহমান, নওয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের হাওয়া বেগম ও নিপা মোনালিসা, বলাইশিমুল বিদ্যালয়ের শিক্ষক মরিয়ম আক্তার, কেন্দুয়া মডেল বিদ্যালয়ের শিক্ষক তাহমিনা আক্তার। এই আট শিক্ষককে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।