টানা চতুর্থবার সেরা করদাতা হলেন আনোয়ারা হোসেন

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৬

এবারও ‘মহিলা’ শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের হেড অব অপারেশন আনোয়ারা হোসেন। ২০২২-২৩ করবর্ষের (২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত) দেওয়া করের ভিত্তিতে তাকে সেরা করদাতা নির্বাচিত করেছে এনবিআর। এর আগে টানা তিনবার সেরা করদাতা নির্বাচিত হয়েছেন তিন।

২০২২-২৩ করবর্ষে সেরা করদাতা হিসেবে জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দিয়ে সম্মানিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিতে তাদের হাতে ট্যাক্স কার্ড ও ক্রেস্ট তুলে দেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

সম্মাননা হাতে সেরা করদাতা আনোয়ারা হোসেন ও এম এ হায়দার হোসেন

এবার মহিলা শ্রেণিতে সেরা করদাতার তালিকায় আনোয়ারা হোসেন ছাড়াও রয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান শাহনাজ রহমান, রাজশাহী অঞ্চলের করদাতা নিলুফার ফেরদৌস, ঢাকার মিতুলী মাহবুব ও চিকিৎসক শায়লা আফ্রিন খন্দকার। 

সম্মাননা প্রাপ্তির পর আনোয়ারা হোসেন গণমাধ্যমকে বলেন, দেশের একজন নাগরিক হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি, এ সম্মান পেয়ে আমি গর্বিত ও আনন্দিত।

তিনি বলেন, আমাদের পরিবার থেকে সাতজন সেরা করদাতা হয়েছি। আমাদের করের টাকায় যখন দেশে বড় কোনো উন্নয়ন হয়, তখন আমরা নিজেদের ধন্য মনে করি। দেশ ও মানুষের জন্য কিছু করতে পেরেছি ভেবে ভালো লাগে।

আনোয়ারা হোসেন ও এম এ হায়দার হোসেনের সম্মাননা ক্রেস্ট

এদিকে এবারও সাত সদস্যের ‘কর বাহাদুর পরিবার’কে সেরা করদাতা পরিবার হিসাবে নির্বাচিত করা হয়েছে। আনোয়ারা হোসেন এ পরিবারেরই একজন সদস্য। সেরা করদাতার তালিকায় থাকা পরিবারের অন্য সদস্যরা হলেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি এবং খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হায়দার হোসেন, ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ডা. এম এম আমজাদ হোসেনের স্ত্রী, কোম্পানির অন্যতম পরিচালক এবং বর্তমান এমডি এম এ হায়দার হোসেনের মা খাজা তাজমহল, একই কোম্পানির পরিচালক ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন ও লায়লা হোসেন।

ইত্তেফাক/জেডএইচডি