জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, স্বাধীনতার সময় যেসব দেশ আমাদের বিরোধিতা করেছিল, বঙ্গবন্ধুকে হত্যায় যারা ইন্ধন দিয়েছিল—তারাই এখনও আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে যাচ্ছে। তারা এখনও এই নির্বাচনের বিরোধিতা করে যাচ্ছে।
বুধবার (২০ ডিসেম্বর) সকালে মাদারীপুরের শিবচরের পাচ্চরে নির্বাচনী পথসভায় মাদারীপুর-১ (শিবচর) আসনের আওয়ামী লীগের প্রার্থী চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এসব কথা বলেন।
চিফ হুইপ আরও বলেন, পদ্মা সেতু করার সময়েও বিদেশীরা বলেছিল, তারা কোনো টাকা দিবে না। তারা দেয়ও নি। বরং ফিরিয়ে নিয়েছিল। তখন প্রধানমন্ত্রী বলেছিলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবো। তিনি সেটি করে সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কে প্রতিযোগিতা করবে, কে করবে না—এটা যার যার দলের ব্যাপার। আমরা জনগণের সঙ্গে আছি। জনগণের কাছে ভোট চাইছি। জনগণের ভোটে আগামী ৭ জানুয়ারি আবারও জয়যুক্ত হয়ে আমরা সরকার গঠন করবো।
সভায় আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, পৌর মেয়র আওলাদ হোসেন খান প্রমুখ।
