সুশাসন নিশ্চিত হলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে না

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৫৩

ইত্তেফাক রিপোর্ট

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)’র সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান বলেন, বাজেটে খাতভিত্তিক বরাদ্দ আরো যৌক্তিক হওয়া প্রয়োজন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে প্রয়োজনের তুলনায় কম বরাদ্দ হয়েছে এবং বিশাল ঘাটতি রয়েছে। সুশাসন নিশ্চিত হলে এত বড় বাজেট বাস্তবায়নও কঠিন হবে না। তবে সাধারণ মানুষের ওপর করের বোঝা কমানোর বিষয়টি বিবেচনা যোগ্য। পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ করা বাড়ানো প্রয়োজন।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) গতকাল রবিবার রাজধানীর রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসে ২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেট পর্যালোচনা বিষয়ক একটি সেমিনারের আয়োজন করে। বিইউবিটির অর্থনীতি বিভাগ আয়োজিত ‘এ রিভিউ অন প্রোপোজড বাজেট অব ফিসক্যাল ইয়ার ২০১৯-২০: প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক সেমিনারটিতে প্রধান অতিথি হিসেবে বাজেটের নানা দিক তুলে ধরেন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান।

তিনি আরো বলেন, তরুণ উদ্যোক্তাদের ঋণ ও অনুদান প্রদানের ক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করতে হবে এবং ঋণ খেলাপিদের কোন ছাড় দেওয়া উচিত নয়। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের প্রতিযোগি দেশগুলো আরো দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক।

তিনি বলেন, ট্যাক্স ফাঁকি দিলে দেশের উন্নতি হয় না। দেশের প্রবৃদ্ধির হার বাড়ে না। বর্তমানে দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখতে কাজ করছে কৃষক, প্রবাসী শ্রমিক ও পোশাক শ্রমিকরা। বাজেটে বরাদ্দের ক্ষেত্রে সরকারের তরফ থেকে জরিপ চালানো হলে তা ফলপ্রসু হবে। সভাপতিত্ব করেন বিইউবিটি’র উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। তিনি বলেন বাজেট পুরোপুরি মানানসই হবে এটা ভাবা ঠিক নয়। বাজেট উচ্চাভিলাসী হলেও আশাবাদী হতে দোষ নেই।