সিরিজ হারের পর শান্ত বললেন, ‘এটা হতাশাজনক’

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯

ঘরের মাটিতে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে ১-১ সমতায় শেষ করার পর তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে আসে বাংলাদেশ। দেশটিতে পা রাখার পরই টাইগাররা জানিয়েছিলেন, এবার ফলাফলে ভিন্নতা আনতে চান। জয় তুলে নিতে চান স্বাগতিকদের বিপক্ষে। তবে তা আর হলো না। ওয়ানডে সিরিজের এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসে আছে শান্ত বাহিনী। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হেরে সিরিজ খুঁইয়ে তাই শান্ত বললেন, ‘এটা হতাশজনক’।

এবারের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ঘরের মাটিতে ১৬টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। তবে কোনো বারই জয়ের দেখা পায়নি। কিন্তু এবারের সফরের প্রথম ম্যাচ খেলতে নামার আগেই টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছিলেন। তিনি পুরোনো ফল দেখছেন না, এবার ব্যতিক্রম ফল আনবেন। আর এই দল নিয়ে তিনি আত্মবিশ্বাসী। যদিও পরবর্তী সময়ে তাদের কথার সঙ্গে ফলাফলের মিল পাওয়া যায়নি। ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপের মতো ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতাই দেখা গেছে এই সফরেও। আর তাতে ফলাফলও হয়েছে আগেরটাই—‘পরাজয়’।

বুধবার ম্যাচ হারের পর ব্রডকাস্টারদের টাইগার অধিনায়ক হারের কারণ হিসেবে বলেন, ‘আমরা ব্যাট করতে নেমে শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়েছি, এটারই আজ (গতকাল) আমাদের মূল্য দিতে হয়েছে। আমাদের ভালো রান ছিল, কিন্তু আমাদের বোলাররা নতুন বলে ভালো বোলিং করতে পারেনি।’

এদিকে জয় পেয়েও সন্তুষ্ট নন কিউই অধিনায়ক টম লাথাম। তার মতে, শুরুর পাওয়ার প্লেতে বেশি রান দিয়ে ফেলেছে বোলাররা। ম্যাচ শেষে লাথাম এ প্রসঙ্গে বলেন, ‘আমরা সম্ভবত কিছুটা বেশি রান দিয়ে দিয়েছিলাম। ১০ ওভার পর আমরা যে অবস্থায় ছিলাম, ভেবেছিলাম আমরা দাপট দেখাচ্ছি। এরপর তারা দু-একটা জুটি গড়েছে, সৌম্য দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। এই মাঠে যখন উইকেটে বোলারদের জন্য কিছুই থাকে না, তখন থামানো কঠিন।’

ইত্তেফাক/জেডএইচ