১১ জুলাই মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

আগামী ১১ জুন মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘শোকেস বাংলাদেশ—গো গ্লোবাল’ শিরোনামে রয়্যাল সুলান কুয়ালালামপুরে ঐ প্রদর্শনীর আয়োজন করা হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ প্রধান অতিথি হিসেবে  প্রদর্শনীর উদ্বোধন করবেন। দিনব্যাপী ঐ প্রদর্শনীতে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ বাড়ানোর বিষয়ে বিভিন্ন ইস্যু নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, এখানে বিদেশ থেকে আসা পণ্য বিমানবন্দরে খোলা আকাশের নিচে রোদে পুড়লে, বৃষ্টিতে ভিজলে বাংলাদেশ সম্পর্কে কেমন ধারণা হবে? বিমানবন্দর থেকে বাইরে এসে ট্যাক্সি পাওয়ার ক্ষেত্রেও শৃঙ্খলা নেই। অবশ্য এতসব সমস্যা সত্ত্বেও বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বেশকিছু সুবিধার বিষয়ও উল্লেখ করে তিনি বলেন, গত কয়েক বছরে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বেড়েছে। বর্তমানে এখানে দেশটির বিনিয়োগের পরিমাণ প্রায় ৫ বিলিয়ন ডলার।