সহকর্মীদের কাছে প্রত্যাশা

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০০

কাজী হায়াৎ

আমাদের সিনেমা জগতের যারা নির্বাচন করছে তারা যদি নির্বাচিত হয় তাহলে একজন চলচ্চিত্রের মানুষ হিসেবে প্রত্যাশা তো অনেক থাকবে। আমাদের চলচ্চিত্র প্রায় অবলুপ্তির পথে। সেই জায়গা থেকে তারা টেনে তুলবে। আমি বিশ্বাস করি তারা যে জায়গা থেকেই নির্বাচিত হোক, চেষ্টা করলে চলচ্চিত্র শিল্পকে একটা ভালো অবস্থানে নিয়ে যেতে পারবে। আর সামগ্রিক বিষয় নিয়ে বলবো, আমি তো রাজনীতিবিদ না। তবু চাই নির্বাচন যেন সুষ্ঠু-অবাধ হয়।

ইলিয়াস কাঞ্চন

নির্বাচন নিয়ে মন্তব্য করার মতো কিছু নেই। কারণ যেমনটা চেয়েছিলাম তেমনটা তো পাচ্ছি না। তবে আমার সহকর্মী যারা নির্বাচন করছেন তাদের জন্য সবসময়ই আমার শুভ কামনা।

ফজলুর রহমান বাবু

নির্বাচন ঘিরে কেমন প্রত্যাশা করছি সেটা এই মুহূর্তে বলা কঠিন। আমার বেশ কয়েকজন সহকর্মী নির্বাচনে অংশ নিয়েছে। তাদের জন্য শুভ কামনা। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী তারা নির্বাচিত হোক। তবে প্রত্যাশা শুধু সহকর্মীদের কাছে না। যারা সরকার গঠন করবে তাদের কাছে প্রত্যাশা থাকবে—যে সকল জায়গায় অসুবিধা রয়েছে, যেমন দুর্নীতি এবং বাজার ব্যবস্থায় যেন তারা সচেতন হন। তাছাড়া যারা এখন সরকারে রয়েছেন তারা অনেক উন্নয়ন করেছেন। যে কাজগুলো এখনো অসম্পূর্ণ রয়েছে সেগুলো যেন আরো ত্বরান্বিত হয়। মূলত এই প্রত্যাশাগুলোই করছি।

সালাহউদ্দিন লাভলু

সাধারণ মানুষ যেমন প্রত্যাশা করে যে, সুষ্ঠু-শান্তিপূর্ণ এবং উত্সবমুখর একটি নির্বাচন হবে, আমিও তেমনটাই চাই। আর সহকর্মী বলতে চলচ্চিত্র জগতের কয়েকজন নির্বাচন করছে। তারা যদি সংসদে যেতে পারে তাহলে আমাদের সমস্যার কথাগুলো বলতে পারবে, আমাদের ইমোশনের বিষয়গুলো তুলে ধরতে পারবে, এটাই তো স্বাভাবিক।

অরুণা বিশ্বাস

প্রত্যাশা থাকবে যে, আমরা সচেতন শিল্পী না হলে তো দেশপ্রেম থাকে না। আমাদের সহকর্মী-জুনিয়র যারা নির্বাচনে অংশ নিয়েছে তারা ভালোভাবে জয়লাভ করুক এবং তারা চেয়ারে বসার পর দেশের মানুষের পাশাপাশি শিল্পীদের স্বার্থ সংরক্ষণের কাজটি যেন করে।

ভাবনা

আমার কলিগ যারা নির্বাচনে দাঁড়িয়েছে তাদের সবার জন্যই শুভ কামনা। নির্বাচনটি যেন সুষ্ঠু হয় এবং মানুষ যেন আসে ভোট কেন্দ্রে ভোট দিতে। একটা উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হবে এই প্রত্যাশাই এখন অবধি করছি।

নিপুণ

ফেরদৌস ভাই জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে চলচ্চিত্রসংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন। কারণ ফেরদৌস ভাই পরোপকারী মানুষ। সব সময় সত্ ও আদর্শের সঙ্গে জীবনযাপন করেন। তাছাড়া এবারের নির্বাচনে সকল ভোটারের উপস্থিতি প্রত্যাশা করছি। যারাই নির্বাচিত হবেন তারা যেন উন্নয়নের ধারা অব্যাহত রাখেন।

ইত্তেফাক/এএম