ঝিনাইদহে নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪

ঝিনাইদহের শৈলকুপায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন।

শুক্রবার (২২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার চরমালিথিয়া শেখপাড়ায় এ দুর্ঘটনায় নিহতরা হলেন শৈলকুপার কবিরপুরের মৃত আহাদ অলি শেখের ছেলে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আসাদুজ্জামান ( ৬৫ ) ও নওয়াপাড়া গ্রামের মেহের আলির ছেলে ও সিএনজি চালক বাবু হোসেন (৫০)।

লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের আইসি হামিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলায় ওয়াজ শুনে একটি সিএনজিযোগে তারা বাড়ি ফিরছিলেন। পথে শৈলকুপা উপজেলা চরমালিথিয়া শেখপাড়ায় পৌঁছালে নসিমনের সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আসাদুজ্জামানকে মাগুরা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

ইত্তেফাক/এবি