রাজধানীর তেজগাঁওয়ে শাকিল (১৮) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। বনানী থানার সাততলা বস্তি থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তেজগাঁও থানার ওসি মোহসিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শাকিল তেজগাঁও এলাকার চিহ্নিত ছিনতাইকারী। তার বিরুদ্ধে ৩ টি মামলা রয়েছে। টিভিতে বিভিন্ন সিরিজে ছিনতাইয়ের ঘটনা দেখে শাকিল নিজেই ছিনতাইয়ের দল গড়ে।’
ওসি মোহসিন বলেন, ‘শাকিল নিজেই একটি ছিনতাইকারী দলের প্রধান। তার দলে ৪ জন সদস্য রয়েছে। বাকিদের সবার বয়স ৮ থেকে ১০ বছরের এর মধ্যে। কয়েকবার ছিনতাই করে সেই টাকা দিয়েই নিজেদের জন্য ছুরি কেনে তারা।’
ফিল্মি স্টাইলে তারা ছিনতাই করে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শাকিল ও তার গ্রুপের সদস্যরা এর আগেও একবার গ্রেফতার হয়েছিল। শাকিলের ও তার সহযোগীরা নির্জন কোনো স্থানে ওত পেতে থাকে। একা কোনো পথচারী পেলেই ফিল্মি স্টাইলে ৪ জন মিলে জাপটে ধরে। দুইজন হাত, একজন গলা চেপে ধরে এবং বাকিজন পেটে ছুরি ধরে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
গত ২৯ নভেম্বর তেজগাঁও থানার সিভিল অ্যাভিয়েশন স্কুলের সামনে শাকিল ও তার সহযোগীরা একই কায়দায় ছিনতাই করে বলে জানান তিনি।
