ওয়ানডে সিরিজের পর এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ইনজুরির কারণে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়ান্টি সিরিজেও স্কোয়াডে নেই কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এবং চোটের কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার কাইল জেমিসন। এছাড়া আসন্ন এই সিরিজটিতে উইলিয়ামসন না থাকায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিবেন মিচেল স্যান্টনার।
বাংলাদেশ থেকে ফেরার পর থেকেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন ডানহাতি এই পেসার। যে কারণে ওয়ানডে সিরিজ খেলতে পারেননি জেমিসন। অন্যদিকে উইলিয়ামসন রয়েছেন পুনর্বাসনে। গতকাল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয় আসন্ন দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের কথা মাথায় রেখে এই দুই ক্রিকেটারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা।
মেডিক্যাল স্টাফ ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিউইদের প্রধান কোচ গ্যারি স্টিড। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা চাই কেন এবং কাইল দুই জনেই দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে মাঠে ফিরুক। মেডিক্যাল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় মনে হয়েছে।’
এদিকে এই দুই ক্রিকেটারের পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেয়েছে ভারত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম করা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এবং জ্যাকব ডফি। এই বিষয়ে কিউই কোচ বলেন, ‘জ্যাকব একজন অভিজ্ঞ টি-টোয়েন্টি ক্রিকেটার। সাম্প্রতিক তিনি সাদা বলের ভালো কিছু করার জন্য পরিশ্রম করেছেন।’ সেই সঙ্গে রাচিনকে নিয়ে তিনি বলেন, ‘রাচিন একজন দুর্দান্ত ক্রিকেটার। তিন ফরম্যাটে আমরা তাকে দলের সঙ্গে যুক্ত করতে চাই।’
আগামী ২৭ তারিখে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ এবং স্বাগতিক নিউজিল্যান্ড। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। প্রথম টি-টোয়েন্টি হবে নেপিয়ারে। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মাউন্ট মঙ্গানুইতে।
নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সেফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
