"বিজয়ফুল পরুন, বিজয়ের গৌরবে সমুন্নত থাকুন’’ এই স্লোগানের মধ্যদিয়ে ইতালির মিলানে অনুষ্ঠিত হলো বিজয়ফুল কর্মসূচী। ২০ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলানের বঙ্গবন্ধু কর্ণার প্রাঙ্গনে বিজয়ফুল উদযাপন কমিটি মিলান, শিকড় সাংস্কৃতিক সংগঠন এবং মিলান বাংলা প্রেস ক্লাব ইতালীর যৌথ আয়োজনে এবং বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সহযোগিতায় এ অনুষ্ঠান করা হয়।
মহান মুক্তিযুদ্ধের গর্বিত ইতিহাস প্রবাসে বংশোদ্ভুত নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয় বিজয়ফুল কর্মসূচী।
এতে প্রধান অতিথি হিসেবে বিজয় দিবসে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করেন এবং সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। কর্মসূচির মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়কারী ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির সভাপতি রিয়াজুল ইসলাম কাওছার। অনুষ্ঠানে কনসাল জেনারেলের বাণীসহ বিজয় দিবসের বিভিন্ন লেখা নিয়ে প্রকাশ করা হয় বিজয় দিবসের একটি বিশেষ ক্রোড়পত্র। এসময়ে কনসাল জেনারেল বিজয়ফুল পড়িয়ে কর্মসূচির শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম কনসাল সাব্বির আহমেদ,ভাইস কনসাল এ এস এম তাজ উল ইসলাম, কমিউনিটি ব্যক্তিত্ব আকরাম হোসেন। এছাড়া অনুষ্ঠানে প্রবাসী নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য মুক্তি যুদ্ধের স্মৃতি চারণ করেন মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ। কর্মসূচির তত্ত্বাবধায়ক ছিলেন বিজয়ফুল কর্মসূচি ইতালির সমন্বয়ক ও মিলান বাংলা প্রেসক্লাব ইতালির উপদেষ্টা তুহিন মাহমুদ।
উল্লেখ্য, বিজয়ফুল আমাদের স্বাধীনতা যুদ্ধ বিজয়ের প্রতীক নব্বই দশকে কবি শামীম আজাদ বিলেতে পপিফুল কেন্দ্রীক মহাযুদ্ধ স্মারকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতীক নিয়ে লেখালেখি শুরু করেন। এরই ধারা বাহিকতায় বিজয়ফুলের সৃষ্টি। বিশেষতঃ বহির্বিশ্বে বসবাসরত বাংলাদেশীদের কাছে বিজয়ফুল হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের একটি অনন্য স্মারক।
প্রবাসের মাটিতে বিজয়ফুল কর্মসূচির মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরিচয় এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরাই বিজয়ফুল কর্মসূচির মূল লক্ষ্য জানালেন আয়োজকরা।
