চার বছর পর চীনকে বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৬:২০

২০১৯ সালের পর এই প্রথম চীনকে উড়োজাহাজ সরবরাহ করেছে মার্কিন জায়ান্ট উড়োজাহাজ নির্মাতা কোম্পানি বোয়িং। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানায় কোম্পানিটি। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

প্রতিবেদনে বলা হয়, বোয়িং চীনের জুনেয়াও এয়ারলাইনসকে ৭৮৭ ড্রিমলাইনার নামের একটি উড়োজাহাজ সরবরাহ করেছে। ২০১৯ সালের পর এই প্রথম চীনের কোনো এয়ারলাইনসের কাছে বাণিজ্যিক উড়োজাহাজ সরবরাহ করল নির্মাতা এই কোম্পানি।

ফ্লাইটরাডার ২৪-এর ডাটা অনুসারে, প্রশান্ত মহাসাগরীয় সময় বৃহস্পতিবার বেলা ১১টা ২৪ মিনিটে ওয়াশিংটন রাজ্যের এভারেট পেইন ফিল্ড থেকে একটি ৭৮৭ উড়োজাহাজ নিয়ে একটি ব্যক্তিমালিকানাধীন চীনা বাহক ‘জুনিয়াও এয়ারলাইনস’ উড্ডয়ন করে এবং সেটি সাংহাইয়ের দিকে রওনা দেয়। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বোয়িং।

দুটি বিমান দুর্ঘটনার পর বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্সের উড়োজাহাজ চলাচল দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়। ২০১৯ সালে বোয়িং উড়োজাহাজের বেশির ভাগ অর্ডার এবং ডেলিভারি স্থগিত করেছিল চীন। সর্বশেষ ২০২১ সালে এক চীনা গ্রাহকের কাছে একটি লিজড ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ করেছিল বোয়িং। 

তবে ২০১৯ সালের নভেম্বর থেকে কোনো ৭৮৭ সরাসরি চীনা উড়োজাহাজ সংস্থার কাছে হস্তান্তর করা হয়নি।

ইত্তেফাক/এমটি