পদোন্নতি পেয়ে অধ্যাপক হলেন ৭ হাবিপ্রবি শিক্ষক 

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১৭:১৩

পদোন্নতি পেয়ে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হলেন হাবিপ্রবির ৭ শিক্ষক। এতে বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। সিলেকশন কমিটির সুপারিশ মোতাবেক ১৩ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের ৫৫ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

এরপর ১৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. সাইফুর রহমান স্বাক্ষরিত পৃথক পৃথক ৭ অফিস আদেশে বিষয়টি জানানো হয়৷ পদোন্নতিপ্রাপ্ত অধ্যাপকগণ মূল বেতন নির্ধারণ সাপেক্ষে ৫৬,৫০০-৭৪,০০০ টাকা বেতনক্রমে 'গ্রেড-০৩' পদে নিয়োগ পেয়েছেন। 

পদোন্নতি পাওয়া অধ্যাপকরা হলেন, বায়োকেমিস্ট্রি এন্ডি মলিকুলার বায়োলজি বিভাগের ড. মো. ইয়াছিন প্রধান, সিএসই বিভাগের মো. ফজলে রাব্বি, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগের ড. মো. মমিনুল ইসলাম, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেসন বিভাগের শক্তি চন্দ্র মন্ডল, অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের মো. রেজাউল করিম, মার্কেটিং বিভাগের আবুল কালাম এবং ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ড. মো. দুলাল হক।

ইত্তেফাক/এআই