২০১৪ সালে মাদকসহ গ্রেপ্তার হয়েছিলেন কুড়িগ্রামের ফুলবাড়ীর বড়লই গ্রামের মমিনুল ইসলাম। দীর্ঘদিন জেল খেটে ছাড়াও পান তিনি। পরে পাশের জেলা লালমনিরহাটের পাটগ্রামে শুরু করেন আরেক প্রতারণা। সেখানে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে কয়েক বছর ধরে এই প্রতারণা করে আসছিলেন মমিনুল। এদিকে মাদক মামলায় ২০২২ সালে দুই বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন আদালত।
জানা গেছে, সাজাপ্রাপ্ত মমিনুলের অবস্থান শনাক্ত করতে মাঠে নামে পুলিশ। পরে গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে পাটগ্রামে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা আসছেন তিনি। অবশেষে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ফুলবাড়ী পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফুলবাড়ী থানার ওসি প্রাণকৃষ্ণ দেবনাথ। তিনি বলেন, ‘আজ রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, ‘কেউ অপরাধ করে পার পায় না। আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সর্বাত্মক কাজ করে যাচ্ছি।’
