দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ১৪ দলের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি।
মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে জাপা, জাসদ, ওয়ার্কাস পার্টিসহ ১৪ দলের মাগুরা জেলার নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে গণমাধ্যমকে সাকিব বলেন, 'আমি রাজনীতিতে নতুন। ১৪ দলের নেতাদের সঙ্গে আমার আজ প্রথম দেখা হলো। স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আমরা একতাবদ্ধ হয়েছি কীভাবে একসঙ্গে কাজ করে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করা যায়।'
এছাড়া মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, 'কীভাবে আগামী নির্বাচনের কর্মকাণ্ড সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেই উদ্দেশে ১৪ দলের সঙ্গে বৈঠক করেছি। আমাদের আলোচনা হয়েছে মাগুরা-১ আসনের নির্বাচনী এলাকায় নৌকার প্রচার-প্রচারণায় আমরা ঝাপিয়ে পড়ব এবং নির্বাচনে আমাদের প্রার্থী সাকিব আল হাসানকে জয়লাভ করিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাগুরা-১ আসন উপহার দেব।'

