পার্থ টেস্টে গাজার সমর্থনে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে মাঠে নামতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটার উসমান খাজা। তবে তাতে বাধা হয়ে দাঁড়ায় আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। পরে তিনি কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন। এরপর তাকে আইসিসির থেকে সতর্ক করা হয় জানিয়ে দেওয়া হয় পরবর্তীতে এমন করলে বড় শাস্তি নেমে আসতে পারে তার ওপর। তবে এতে দমে যায়নি খাজা। যুদ্ধকবলিত গাজাবাসীর সমর্থন দিতে নতুন এক পরিকল্পনা তৈরি করেন তিনি এবার তাতেও বাধা দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা।
আজ তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। এর আগে গতকাল অনুশীলন করেছে দুই দল। সেই অনুশীলনে উসমান খাজা গাজাবাসীর সমর্থনে নতুন করে জুতায় কালো পায়রার লোগো পরে এমসিজিতে অনুশীলন করেছেন খাজা। ডান পায়ের জুতায় লোগোটি দেখা গেছে। এছাড়া ব্যাটের পেছনেও আরেকটি ছিল। পায়রা হলো শান্তির প্রতীক। তিনি ম্যাচেও এই লগোটি লাগিয়ে খেলতে চেয়েছিলেন। তবে এবারও তাতে সায় দেয়নি আইসিসি।
গেল শুক্রবার নিজের অবস্থান নিয়ে ৩৭ বছর বয়সি এই অজি ব্যাটার জানিয়েছিলেন, ‘আমি সমস্ত নিয়ম অনুসরণ করেছি, অতীতের নজির, ক্রিকেটাররা যারা তাদের ব্যাটে স্টিকার লাগিয়েছে, তাদের জুতায় নাম লিখেছিলেন। তারা আইসিসির অনুমোদন ছাড়াই সব ধরনের কাজ করেছে এবং কখনো তিরষ্কার করা হয়নি। আমি আইসিসি এবং তাদের নিয়ম-কানুনকে সম্মান করি। আমি তাদের জিজ্ঞাসা করব এবং প্রতিদ্বন্দ্বিতা করে তারা এটিকে সবার জন্য ন্যায্য এবং ন্যায়সঙ্গত করে তোলে এবং তারা কীভাবে কাজ করে তাতে তাদের সামঞ্জস্য রয়েছে।’
এর আগে ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন খাজা। যে কারণে আইসিসির তিরষ্কারের শিকার হয়েছেন এই তারকা ব্যাটার। আইসিসির অনুমতি ছাড়া আর্মব্যান্ড পরার কারণে খাজাকে নিয়ম ভঙ্গের দায়ে অভিযুক্ত করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। আইসিসির এই সিদ্ধান্তের পরই একটি ভিডিও বার্তা দেন খাজা। যেখানে আইসিসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছিলেন তিনি। জুতার লেখা দিয়ে প্রতিবাদ না জানাতে পারলেও পার্থ টেস্টে ফিলিস্তিনিদের সমর্থনে কালো আর্মব্যান্ড পরে খেলেছিলেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।
