বায়ুদূষণে ৩ নম্বরে ঢাকা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১৩:০৯

অনেকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষ ১০-এ রয়েছে ঢাকা। সুইজারল্যান্ডের জরিপ সংস্থার তালিকায় থাকা বিশ্বের ১১০ শহরের মধ্যে আজ সোমবার সকাল আটটা ৫০ মিনিটে ঢাকার অবস্থান ৩ নম্বরে ছিল।

আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউ এয়ার) সকাল আটটার সূচক অনুযায়ী তালিকায় আজ ১ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারতের কলকাতা।

শহরটির বাতাসের মানের স্কোর ২৯৪ অর্থাৎ সেখানকার বাতাস নগরবাসীর জন্য খুবই অস্বাস্থ্যকর। পাশাপাশি ৩ নম্বরে থাকা ঢাকার বাতাসের মানের স্কোর: ২৭২। এই মানও নাগরিকদের জন্য খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

ক্রমবর্ধমান বায়ু দূষণের কারণে বিশ্বের অন্যতম দূষিত অঞ্চলে পরিণত হয়েছে দক্ষিণ এশিয়া। ফলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রতি ৫ বছরেরও বেশি আয়ু কমতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এইচএ