ভারতে কমানো হয়েছে গ্যাসের দাম। গতকাল সোমবার থেকে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ১০০ রুপি ৫০ পয়সা কমানো হয়েছে। রবিবার ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশন রান্নার এলপি গ্যাসের দাম কমানোর এ ঘোষণা দেয়। খবর:এনডিটিভি।
ভারতে রান্নার গ্যাসের সিলিন্ডারে ১৪ দশমিক ২ কেজি এলপি গ্যাস থাকে। ১ জুলাই থেকে ১০০ রুপি ৫০ পয়সা দাম কমায় সিলিন্ডার প্রতি ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম হবে ৬৩৭ রুপি। এখন ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৪৯৪ রুপি ৩৫ পয়সা। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৮৭ রুপি ৫০ পয়সা কমিয়েছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা। এর ফলে নতুন দাম হয়েছে ১ হাজার ১৮৮ রুপি ৫০ পয়সা। ভারতে গ্যাসের মূল্য কমানোর কারণ হিসেবে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপি গ্যাসের দাম কমা এবং ডলারের সঙ্গে রুপির মূল্য সমন্বয়ের কারণে দাম কমানো হয়েছে।
গত ১ জুন থেকে ৩ দশমিক ৬৫ শতাংশ বৃদ্ধি পায় এলপিজির দাম। বাজারদর অনুযায়ী, সিলিন্ডার প্রতি ২৫ শতাংশ হারে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ইন্ডিয়ান ওয়েল। এলপিজির দাম বাড়ায় সরব হয়েছিল বিরোধীরা। পশ্চিমবঙ্গে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেওয়ার হুমকি দেন মমতা ব্যানার্জি। পরবর্তীতে সরকার সিলিন্ডার প্রতি ২৫ রুপি দাম বৃদ্ধি করেছিল। এর ঠিক একমাস পর এলপিজির দাম কমলো।
প্রসঙ্গত, গতকাল সোমবার থেকে বাংলাদেশে বাড়ানো হয়েছে গ্যাসের দাম। আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানির খরচ বেশি হওয়ার কারণে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের।
