৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। সোমবার বিশেষ সভা শেষে এই ফলাফল প্রকাশ করে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। প্রকাশিত ফলাফলে মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৮৬২ জন। প্রায় একবছর পর এই ফলাফল প্রকাশ করা হলো। মূলত তৃতীয় পরীক্ষকের খাতা মূল্যায়নের কারণেই বিলম্ব হয়। যদিও নতুন এই প্রক্রিয়ার কারণেই শতভাগ মেধাবীরাই উত্তীর্ণ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ইত্তেফাককে জানান, আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়েছে। ফলাফল সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd-এ আপলোডও করা হয়েছে।
তিনি বলেন, এবারই প্রথমবারের মতো প্রথম ও দ্বিতীয় পরীক্ষকের পর তৃতীয় পরীক্ষক খাতা দেখেছেন। তাই ফলাফল দিতে সময় বেশি লেগেছে। এই খাতা দেখার পাশাপাশি আমরা ৩৯তম বিশেষ বিসিএসে প্রায় পাঁচ হাজার চিকিত্সক নিয়োগের সুপারিশ করেছি। এছাড়া পিএসসি অন্যান্য নিয়োগের কাজও করেছে।
কবে থেকে ৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হবে জানতে চাইলে চেয়ারম্যান আরো বলেন, ‘আমরা ২৯ জুলাই থেকে মৌখিক পরীক্ষা শুরু করতে চাই। তবে সুনির্দিষ্ট তারিখ পরে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ জন প্রার্থী। পরীক্ষার্থীদের ওয়েবসাইট ছাড়াও রেজাল্ট জানতে PSC ৩৮ স্পেস রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই জানিয়ে দেওয়া হবে ফলাফল।
