চেতনানাশক খাইয়ে এক নারীকে ধর্ষণের ঘটনায় ভণ্ড কবিরাজ গ্রেপ্তার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২১:১৫

সাভার উপজেলার আশুলিয়ায় ভাতের সঙ্গে চেতনানাশক খাইয়ে এক নারীকে ধর্ষণ ও চার লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় অভিযুক্ত ভণ্ড কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ ডিসেম্বর) রাতে নীলফামারী জেলার ডিমলা থানার সুন্দরখাতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. লাল চাঁন মিয়া (৩৮) নীলফামারী জেলার ডিমলা থানার ভাটিয়াপাড়া এলাকার মৃত কাদের পাশারীর ছেলে। সে নারী-পুরুষের বিভিন্ন রোগের ঔষধ দেওয়ার নাম করে দীর্ঘদিন যাবত মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। ঘটনার পর থেকে লাল চাঁন নীলফামারী জেলার বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।

জানা যায়, ভুক্তভোগী ও তার স্বামী এবং ভণ্ড কবিরাজ লাল চাঁন মিয়ার গ্রামের বাড়ি একই এলাকায় হওয়ায় তাদের সঙ্গে সু-সম্পর্ক গড়ে উঠে। লাল চাঁন নিজেকে কবিরাজ হিসেবে উপস্থাপন করায় ভুক্তভোগীদের তিনি বিভিন্ন সময় কবিরাজি ঔষধপত্র দিয়ে আসছিল। গত ৩০ সেপ্টেম্বর কবিরাজি চিকিৎসা দিতে নীলফামারী থেকে আশুলিয়ায় ভুক্তভোগীর বাসায় আসেন লাল চাঁন। এরপর গত ২ অক্টোবর রাত ৯টায় কবিরাজি ওষুধের কথা বলে স্বামী-স্ত্রীকে ভাতের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে গৃহবধূকে ধর্ষণ করে এবং বাসায় থাকা ৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারের অভিযানে নামে পুলিশ। পরে রোববার রাতে নীলফামারী জেলার ডিমলা থানার সুন্দর খাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, আসামি বারবার স্থান পরিবর্তন করছিল। অবশেষে নীলফামারী জেলার ডিমলা থানার সুন্দর খাতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/পিও