বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাকায় পিষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু 

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ২২:৩১

লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় ট্রাকের চাকায় পিষ্ট মা রিনা বেগম (২৬) ও শিশু ছেলে রায়হান হাসান (৪) নিহত হয়েছে। নিহত মা ও শিশু উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ী এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী ও একমাত্র শিশু সন্তান।

সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা চাপারতল পুলিশ ফারির পাশে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধা উপজেলায় একটি বিয়ের দাওয়াত পালন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও শিশু সন্তান রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে একইমুখী পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। পরে মোটরসাইকেল ও চালক বাবা মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়ে। আর মা রিনা ছেলেসহ ট্রাকচাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

মোটরসাইকেল আরোহীর চাচা আবু বক্কর সিদ্দিক (৪৫) জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আমার ভাতিজা বাবু আহত এবং কান্না করছে। পরে চাকার নিচে ভাতিজা বউকে পড়ে থাকতে দেখি। তারা সন্তানসহ বিয়ের দাওয়াত শেষে বাড়ি আসছিলেন। সড়ক দুর্ঘটনায় মনিরের স্ত্রী ও ছেলে নিহত হয়েছে। আর মনির হোসেন বাবু আহত। তাকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল-আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাস্থলে স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। পরবর্তী ব্যবস্থা আইন অনুযায়ী সম্পূর্ণ করা হবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কালীগঞ্জ স্টেশন অফিসার আবু তাহের বলেন, রাত ৮টায় মোবাইল ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে এসেছি। লাশ উদ্ধার করে পুলিশ প্রশাসনের নিকট হস্তান্তর করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা পুলিশ গ্রহণ করবে।

ইত্তেফাক/পিও