লেটস টক উইথ শেখ হাসিনা

প্রতিবন্ধী ব্যক্তিদের স্বনির্ভর চলাফেরার বিষয়ে আন্তরিক প্রধানমন্ত্রী: নূর নাহিয়ান

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৫:৪১

বাংলাদেশ হুইলচেয়ার স্পোর্টস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূর নাহিয়ান সারা দেশে প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা নিয়ে কাজ করেন। ব্যক্তিগতভাবে তিনি পছন্দ করেন ক্রিকেট খেলতে। হুইল চেয়ারে বসে দুর্দান্ত সব শট খেলা এই ব্যাটসম্যান লেটস টক উইথ শেখ হাসিনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবন্ধীদের নিয়মিত জীবনের চলা চলে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে কথা বলেন তিনি। লেটস টক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরাসরি কথা বলার অভিজ্ঞতা অসাধারণ বলে বর্ণনা করেন নাহিয়ান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে নূর নাহিয়ান বলেন, যেহেতু সারা দেশের প্রতিবন্ধী ব্যক্তিদের খেলাধুলা নিয়ে আমার কাজ, তাই প্রধানমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা ছিলো প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাধীনভাবে চলাফেরার জন্য অবকাঠামো সুবিধা প্রদানের বিষয়ে। যদিও বর্তমান সরকার আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। অনেক কাজ হচ্ছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। কিন্তু তারপরও অবকাঠামোগত কিছু সমস্যা থেকেই যাচ্ছে। অনেক ভবনে আমরা নিজেদের মত করে প্রবেশের সুযোগ পাই না। আমি জিজ্ঞাসা করেছিলাম, শারীরিকভাবে বিশেষ-সক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের জন্য এই ধরনের প্রয়োজনীয় অবকাঠামো বাড়ানোর জন্য সরকারের পরিকল্পনা আছে কিনা?

প্রধানমন্ত্রী এ সময় তাকে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বর্তমান সরকারের বিবিধ কার্যাবলী তুলে ধরার পাশাপাশি প্রতিটি অবকাঠামোতে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখার জন্য যেই পরিকল্পনা গ্রহণ করছেন, সে বিষয়ে অবগত করেন। নাহিয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জানালেন উনারা এখনই কাজ শুরু করে দিয়েছেন আমাদের জন্য। আর আগামীতেও প্রতিবন্ধী ব্যক্তিরা যেনো সবখানে স্বাধীনভাবে একা একা যাতায়াত করতে পারে। যেহেতু প্রতিবন্ধী ব্যক্তিরাও এই সমাজে একই গণ্ডির মধ্যে থাকে, তাই সমাজে তাদের মধ্যে কোন বিভেদ যেনো না হয় এ সকল বিষয় তারা নিশ্চিত করছেন। তিনি জানিয়েছেন এই ধারাবাহিকতায় বজায় রাখবেন আগামীতেও। প্রতিবন্ধী ব্যক্তিরা যেনে আগামীর বাংলাদেশে সানন্দে সবখানে অংশগ্রহণ করতে পারে।

২০১৮ সালে লেটস টক অনুষ্ঠানে প্রথমবারের মতো তরুণদের মুখোমুখি হয়ে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের এই আয়োজনটি আগামী সপ্তাহে সরাসরি ব্রডকাস্ট করা হবে বলে জানান আয়োজকরা। সেখানেই জানা যাবে তরুণদের এ সকল প্রশ্নের উত্তরে কি বলেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জানা যাবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চাওয়া-পাওয়ার অনেক অজানা বিষয়ক তথ্য। অনুষ্ঠানটি কবে সম্প্রচার হবে এ বিষয়ে জানতে সিআরআই ও ইয়াং বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখতে বলেছেন আয়োজকেরা।

ইত্তেফাক/এমএএম