ভ্যানচালক শাহীন

খুলে দেওয়া হলো লাইফ সাপোর্ট

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২৩:০০

সাতক্ষীরায় দুর্বৃত্তদের আঘাতে মাথা ফেটে যাওয়া কিশোর ভ্যানচালক শাহীনের লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে। তবে অক্সিজেন লাগানো আছে। সে ‘মা-মা’, ‘আল্লাহ-আল্লাহ’ বলে চিত্কার করে উঠছে। কেউ ডাকলে সাড়া দিচ্ছে। সফল অপারেশনের পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

গতকাল সোমবার বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহীনকে দেখতে গিয়ে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। চিকিত্সার বিষয়ে তিনি বলেন, তার ওষুধপত্র, চিকিত্সায় যা যা প্রয়োজন হাসপাতাল থেকে সব দেওয়া হচ্ছে। তার প্রতি আমাদের বিশেষ নজর আছে, প্রধানমন্ত্রীও খোঁজ-খবর নিচ্ছেন। আমরা চাই না কেউ এ ধরনের নৃশংস হামলার শিকার হোক। আসামিদের গ্রেফতারের বিষয়ে মন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কার্যকলাপ স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। আশা করি মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

ইত্তেফাকের সাতক্ষীরা প্রতিনিধি জানান, শাহীনকে হত্যা চেষ্টা ও তার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার দাবি করেছেন তার বাবা হায়দার আলী মোড়ল। গতকাল দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আমেরিকান প্রবাসী নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির পাঠানো ৫০ হাজার অনুদানের টাকা নিতে এসে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন তিনি।

যশোর অফিস জানায়, কেশবপুরের কিশোর ভ্যানচালক শাহীনকে গুরুতর জখম করে ভ্যান ছিনতাইয়ের প্রতিবাদে যশোর প্রেসক্লাবের সামনে সোমবার দুপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখা।