ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সংগ্রহের চেষ্টা চলছে। এ কথা বলেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি আরো বলেন, বাংলাদেশের জঙ্গিরা আইএসের মতাদর্শ বাস্তবায়নে অনেকে সিরিয়া গেলেও একজনও ফিরে আসেনি। এছাড়া নব্য জঙ্গিরা আইএস মতাদর্শের দিকে ঝুঁকে পড়ছে। আমাদের পুলিশের বিভিন্ন টিম এসব দমনে সজাগ রয়েছে। প্রযুক্তি ব্যবহার করে তাদের অনলাইন কার্যক্রমকে নষ্ট করে দেওয়া হচ্ছে। গতকাল সোমবার দুপুরে রংপুর সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু, মেট্রোপলিটন পুলিশের ওয়েবসাইট চালু এবং কর্মবণ্টন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান উদ্বোধন শেষে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইজিপি আরো বলেন, হলিআর্টিজানের ঘটনার পর আইএস অনুসারী জঙ্গি বাংলাদেশ থেকে দমন হলেও আবারও ইন্টারনেট ও সামাজিক মাধ্যমে তারা বাংলাদেশে সদস্য সংগ্রহ করছে। তবে ভয়ের কিছু নেই। বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে যাতে উঠতে না পারে সেজন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। হলিআর্টিজান মামলাটির সাক্ষ্য গ্রহণ সহসাই শেষ হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল আলীম মাহমুদ, রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু সুফিয়ান, মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল ফারুক, রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
