খোঁজ মিললো পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনির

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১৩:০৭

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক হিসেবে পরিচিত দেশটির বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির খোঁজ পাওয়া গেছে। তার মুখপাত্র জানিয়েছেন, তিনি জীবিত আছেন এবং তাকে সাইবেরিয়ার একটি পেনাল কলোনি বা কারাগারে আটকে রাখা হয়েছে।

গতকাল অর্থাৎ ২৫শে ডিসেম্বর কিরা ইয়ারমিশ বলেছেন, ‘আমরা অ্যালেক্সেই নাভালনিকে পেয়েছি।’

তিনি আরো জানান, বর্তমানে রাশিয়ার উত্তরাঞ্চলে রয়েছেন তিনি।

এর আগে গত ছয়ই ডিসেম্বরের পর থেকে নিজের দলের সাথে কোন যোগাযোগ ছিল না নাভালনির। সেদিন তাকে আগের একটি কারাগার থেকে সরিয়ে নেয়া হয়েছিল।

মি. নাভালনিকে রাশিয়ায় ভ্লাদিমির পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী নেতা মনে করা হয়। তিনি ২০২১ সাল থেকে কারাগারে আটক রয়েছেন।

টেলিগ্রাম নামে বার্তা আদান-প্রদানের একটি অ্যাপে মিজ ইয়ারমিশ লেখেন, ‘তার আইনজীবী আজ তার সাথে দেখা করেছে। তিনি ভাল আছেন।’

মিজ ইয়ারমিশ বলেছেন, মি. নাভালনিকে রাশিয়ার উত্তরাঞ্চলের স্বায়ত্তশাসিত জেলা ইয়ামালো-নেনেটস এর খার্পে অবস্থিতি আইকে-৩ নামে একটি পেনাল কলোনিতে স্থানান্তর করা হয়েছে।

পেনাল কলোনি হচ্ছে এক ধরণের বসতি যেখানে কারাবাসীদের নির্বাসনে দেয়া হয় এবং তাদেরকে একটি দুর্গম জায়গা বা দ্বীপে রাখার মাধ্যমে বাকি জনগোষ্ঠী থেকে আলাদা করা হয়।

এর আগে মি. নাভালনিকে মস্কো থেকে ২৩৫ কিলোমিটার পূর্বে অবস্থিত মেলেখোভো নামে একটি জায়গায় রাখা হয়েছিল।

যুক্তরাষ্ট্র বলেছে, মি. নাভালনির খোঁজ পাওয়ার খবরকে তারা স্বাগত জানালেও তার শারীরিক অবস্থা এবং তার আটকাবস্থা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

তাকে যে নতুন কারাগারে নেয়া হয়েছে সেটি সংক্ষেপে ‘পোলার উলফ’ বা ‘বরফের হায়েনা’ নামে পরিচিত এবং সেটি পুরো রাশিয়া সবচেয়ে কঠোর জেলখানাগুলোর অন্যতম।

সেখানে থাকা বেশিরভাগ বন্দিই মারাত্মক ধরণের অপরাধের সাথে জড়িত থাকার জন্য অভিযুক্ত, এবং বন্দিদের সেখানে কঠোর শৃঙ্খলার মধ্যে থাকতে হয়।

মিজ ইয়ারমিশ বলেন, রাশিয়ার কর্তৃপক্ষ মি. নাভালনিকে বিচ্ছিন্ন করে রাখতে চায় এবং “তার জীবনকে যতটা সম্ভব কঠিন করে তুলতে চায়”।

তিনি আরো বলেন, ‘এই কলোনিটি অনেক দূরে, এতে প্রবেশাধিকার পাওয়াটা খুব দুরূহ এবং আইনজীবীদের জন্য সেখানে গিয়ে আলেক্সেইয়ের সাথে দেখা করাটা কঠিন হয়ে পড়বে।’

মি. নাভালনির উপদেষ্টা ইভান ঝাদভ বলেন, মি. নাভালনির অবস্থা প্রমাণ করে যে, ‘রাজনৈতিক বন্দিদের সাথে পুরো ব্যবস্থা কী ধরণের আচরণ করে, এবং তারা তাদেরকে বিচ্ছিন্ন করে দমিয়ে রাখতে চায়।’ গত বেশ কয়েকটি শুনানিতে তাকে আদালতে হাজির হতে না দেখে, বেশ চিন্তিত হয়ে পড়েছিল তার দল।

মি. নাভালনি রাশিয়ার দুর্নীতির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে সুনাম কুড়িয়েছেন এবং সামাজিক মাধ্যমে তার তদন্ত সংক্রান্ত ভিডিও গুলো লাখ লাখ মানুষ দেখেছেন।

তাকে একজন অনুপ্রেরণাদায়ক রাজনীতিক এবং রাশিয়ার একমাত্র বিরোধী নেতা হিসেবে দেখা হয়, যিনি সরকার বিরোধী বিক্ষোভে রাশিয়ার যেকোন প্রান্ত থেকে ব্যাপক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করাতে সক্ষম।

কিন্তু ২০২০ সালে সাইবেরিয়ায় তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল, যেটি নার্ভ এজেন্ট ছিল বলে পশ্চিমা ল্যাবরেটরিগুলোতে প্রমাণিত হয়েছে।

তখন তাকে বিদেশে চিকিৎসা দেয়া হয়েছিল। এরপর ২০২১ সালে রাশিয়ায় ফিরলে তাকে সাথে সাথে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/এমটি