রাজধানীর খিলগাঁও মেরাদিয়া বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মিরাজুল ইসলাম রাতুল নামে (২৪) এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে দুর্ঘটনাট ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
পথচারী মো. সিফাত হোসেন জানান, রাতে ওই যুবক মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান তার বাইককে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাত ১টার দিকে নিহতের মামা শিপন মিয়া জরুরি বিভাগের মর্গে এসে ভাগিনা রাতুলের লাশ শনাক্ত করেন। তিনি বলেন, রাতুল রাত ৮টার দিকে বাসা থেকে বের হন। পরে আমরা রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে ভাগিনার লাশ দেখতে পাই।
তিনি আরও বলেন, তাদের গ্রামের বাড়ি ঢাকা জেলার দোহারের জয় পাড়া কৃষি দেবপুর গ্রামে। রাতুল মো. দানেশ খন্দকারের ছেলে বর্তমানে খিলগাঁও ৮ নম্বর রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
