ভারতের বিপক্ষে সেরাটা চান মাশরাফি

আপডেট : ০১ জুলাই ২০১৯, ২৩:৫৫

চলমান বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা খেলতে হবে বলে মন্তব্য করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিন জয় এবং এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সাত পয়েন্ট নিয়ে বর্তমানে তালিকার ছয় নম্বরে আছে টাইগাররা। দশ দলের এ টুর্নামেন্টের বাংলাদেশকে শেষ চারে উঠতে হলে মঙ্গলবার ভারত এবং নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে এবং ইংল্যান্ডের শেষ ম্যাচের ফলের ওপর নির্ভর করতে হবে।

মাশরাফি বলেন, ‘এই বিশ্বকাপে ভারত খুবই শক্তিশালী একটা দল এবং কাজটা সহজ হবে না। তবে আমাদের কঠিন ক্রিকেট খেলতে হবে এবং প্রত্যেক বিভাগেই শতভাগ উজার করে দিতে হবে। আমরা এখনো টুর্নামেন্টে আছি। হতে পারে আবার নাও হতে পারে। দেখা যাক কি হয়। তবে আমরা এ পর্যন্ত যেভাবে খেলেছি কাল তার চেয়েও ভাল খেলতে হবে।’

আরও পড়ুন : লাইফ সাপোর্টে এরশাদ: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ পর্যন্ত ব্যাট হাতে ৪৭৬ রানের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ১০ উইকেট।

মাশরাফি বলেন, ‘সাকিব নিজের সেরা খেলাটাই খেলছেন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই সে ভাল করছে। এবারের বিশ্বকাপে সেরা সেরা পারফরমার। এখনো অনেক কিছুই বাকি আছে এবং আশা করছি অতীতের ন্যায় আগামীকাল সে ভাল করবে এবং ভাল অবস্থানে থেকেই শেষ করবে।’

রবিবার এডবাস্টনে ইংল্যান্ডের কাছে পরাজিত হয় ভারত। ভারতীয় স্পিন আক্রমণের বিপক্ষে ৭ উইকেটে ৩৩৭ রান করে ইংল্যান্ড। মাঠের এক পাশ ছোট হওয়ায় স্বাগতিক ব্যাটসম্যানরা সে সুযোগটি কাজে লাগিয়েছে।

একই মাঠে আগামীকাল ভারতের বিপক্ষে ম্যাচের আগে মাশরাফি বলেন দুইবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন,‘ গত দুই তিন বছরের পরিসংখ্যানের দিকে তাকালে দেখবেন তাদের স্পিনাররা অনেক ভাল করছেন। যুজবেন্দ্রা চাহাল ও কুলদীপ যাদব উভয়েই খুব ভাল করছেন। ইংল্যান্ড করেছে বলেই আমরা সেটা করব কিইবা সফল হবো এমনটা চিন্তা আমরা চিন্তা করতে পারি না। আমাদের ব্যাটিং লাইন আপ খুবই ভাল এবং আমরা নিজ পরিকল্পনায় অটল থাকবো।’

তিনি বলেন, ‘হতে পারে নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা আরো ভাল করতে পারতাম। তবে আমরা যেভাবে খেলছি, নিজস্ব পরিকল্পনায় আমাদের অটুট থাকতে হবে। ইংল্যান্ডে তাদের পরিকল্পনায় অটুট ছিল, আমরা আমাদের পরিকল্পনায়।’

ইত্তেফাক/কেআই