পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭

ঘন কুয়াশায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে যাওয়ায় বুধবার (২৭ ডিসেম্বর) আরিচা-কাজিরহাট নৌরুটে সকাল আটটা ৪০ মিনিটে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল সাতটা ৪৫ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে আরিচা-কাজিরহাট নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ভোররাত চারটা ৩৫ মিনিটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। ঘন কুয়াশা থাকার কারণে বিগত কয়েকদিন ধরেই ফেরিঘাটে এমন পরিস্থিতি সৃষ্টি হয়ে আসছে। সড়কপথেও দিনের বেলায় হেডলাইট জ্বেলে গাড়ি চলতে দেখা গেছে।

বিআইডব্লিউটিএ’র আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নদীতে কুয়াশা পড়া শুরু হয়। রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ওই নৌরুট দৃষ্টিসীমার বাইরে চলে যায়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আরিচা-কাজিরহাট ও ভোররাত চারটা ৩৫ মিনিটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেন। ঘন কুয়াশা কেটে গেলে বুধবার সকাল পৌনে আটটার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও পৌনে নয়টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু করে।

এই প্রতিবেদন লেখার সময় আরিচা-কাজিরহাট নৌ-রুটের যমুনার মাঝনদীতে সুফিয়া ও রুহুল আমিন নোঙর করে রয়েছে। বাকি দুটি ফেরি গাড়ি বোঝাই করে কাজিরহাট যাওয়ার উদ্দেশ্যে আরিচা ঘাটে নোঙর করে রয়েছে। এই নৌরুটে চারটি ফেরি চলাচল করছে।

এছাড়া, আরিচা ঘাটে ফেরি বেগম সুফিয়া কামাল ও রুহুল আমিন বাকি দুটি ফেরি কাজিরহাট ঘাটে লোড নিয়ে বসে আছে। একই কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের পদ্মার মাঝনদীতে জাহাঙ্গীর, শাহ পড়ান, কুমিল্লা, মাধবী লতা ও করবী নামে পাঁচটি ফেরি যাত্রী ও গাড়ি বোঝাই করে নোঙর করে রয়েছে। বাকি তিনটি ফেরি খানজাহান আলী, এনায়েতপুরী ও রজনী গন্ধা পাটুরিয়া ঘাটে এবং সাতটি ফেরি হামিদুর রহমান, মতিউর রহমান, হাসনা হেনা, বনলতা, গেলাম মাওলা, কেরামত আলী ও ভাষা শহীদ বরকত দৌলতদিয়া ঘাটে নোঙর করে রয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, ‘ঘন কুয়াশার কারণে নৌরুট দেখা যাচ্ছিল না। এ অবস্থায় ফেরি চালাতে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার সকাল পৌনে আটটায় ঘন কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল শুরু করে।’

ইত্তেফাক/এইচএ