শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হেরে গেলেন সিনিয়র স্টাফ নার্স তাসরিন নাহার। গত রবিবার সকালে রাজধানীর উত্তরায় বাসচাপায় পিষ্ট হয়ে তিনি নিহত হন। ঘাতক বিআরটিসি বাসের চালককে আটক করেছে পুলিশ।
তাসরিন নাহার অসুস্থ ছিলেন। রবিবার সকালে উত্তরা হাউজ বিল্ডিংয়ের পাশে মাস্কট প্লাজার সামনে থেকে গাড়িতে উঠছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিত্সা নিতে যাওয়ার জন্য। এ সময় পেছন থেকে বিআরটিসির একটি বাস তাকে চাপা দেয়। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তরা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত শেষে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
গরিব পরিবারের সন্তান তাসরিন নাহারের বয়স ২৪ বছর। জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রসুলপুর গ্রামে তার বাড়ি। তার বাবার নাম আশরাফ উদ্দিন। তাসরিন নাহারের চার বোন। মাদারীপুর নার্সিং ইনস্টিটিউট থেকে ২০১৮ সালের নভেম্বরে নার্সিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি পরিচালিত উত্তরা মহিলা ও শিশু হাসপাতালে নার্স হিসেবে যোগদান করেন তিনি।
