টি-টোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন না এবাদত

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৩:১৮

চলতি বছর অনুষ্ঠিত হওয়া এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন টাইগার পেসার এবাদত হোসেন। তবে হুট করেই দলের বাইরে রাখতে হয় তাকে। দল যখন এশিয়া কাপ খেলছিল সে সময় তিনি ছিলেন অস্ত্রোপচারের টেবিলে। এরপর থেকেই মাঠের বাহিরে তিনি খেলতে পারেনি ওয়ানডে বিশ্বকাপও। এর মধ্যে তাকে নিয়ে আরেকটি দুঃসংবাদ এলো। তিনি আসন্ন ২০২৪ সালে জুন মাসে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না। এমনটি জানিয়েছেন টাইগার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাঁ পায়ে চোট পেয়েছিলেন ইবাদত। ছিটকে যান টি-টোয়েন্টি সিরিজ থেকে। এরপর চলছিল তার পুনর্বাসন প্রক্রিয়া। পরে জানা যায়, তার লিগামেন্ট ইনজুরির কথা। সেটিতে করা হয়েছে অস্ত্রোপচারও। সব কিছু হলেও শীঘ্রই মাঠে ফেরা হচ্ছে না তার। অপেক্ষা করতে হবে আগামী বছরের আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত।

এবাদতের প্রসঙ্গে গত মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নান্নু বলেন, ‘এবাদতের আমার মনে হচ্ছে পরের মৌসুমটা দিয়ে শুরু করার সম্ভাবনা আছে। মানে আমাদের ঘরোয়া মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে। হয়তো এর আগে সম্ভব না। এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিক্যাল থেকে না আসলে তো বলতে পারছি না।’

ইত্তেফাক/জেডএইচ